নিউজ পোল ব্যুরো:বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিতিন নবীনের নাম ঘোষণা করল দলের সংসদীয় বোর্ড। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানান। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নিতিন নবীনের এই উত্থান ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নিয়োগের পরই সামাজিক মাধ্যমে নিতিন নবীনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi on Nitin Nabin)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “নিতিন নবীন একজন তরুণ ও পরিশ্রমী কার্যকর্তা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা অত্যন্ত দৃঢ়।” প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বিহারে একাধিক মেয়াদে বিধায়ক ও মন্ত্রী হিসেবে নিতিন নবীনের কাজের রেকর্ড প্রশংসনীয়।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/14/bjp-central-reshuffle-nitin-nabin-appointed-working-president/
মোদীর (Narendra Modi on Nitin Nabin) কথায়, নিতিন নবীনের বিনয়ী স্বভাব এবং মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতাই তাঁকে একজন দক্ষ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে গড়ে তুলেছে। তিনি লেখেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর উদ্যম ও নিষ্ঠা আগামী দিনে আমাদের দলকে আরও শক্তিশালী করবে। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন।”
উল্লেখযোগ্যভাবে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার মেয়াদ শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। তবে প্রায় দু’বছর ধরে দলের নতুন সভাপতি নির্বাচন হয়নি। বিহারের বিধানসভা নির্বাচনের পর থেকেই সংগঠনের শীর্ষস্তরে রদবদল নিয়ে জল্পনা চলছিল।
বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল জয়ই নিতিন নবীনের রাজনৈতিক উত্থানকে আরও জোরদার করে। ওই কেন্দ্রে তিনি আরজেডি প্রার্থী রেখা কুমারীকে ৫১ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। দলীয় সূত্রের দাবি, এই জয়ের পর থেকেই সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদের দৌড়ে তিনি ছিলেন অগ্রণী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিতিন নবীনের এই নিয়োগ বিজেপির সাংগঠনিক শক্তিকে নতুন গতি দেবে এবং আগামী দিনে দলের কৌশলগত দিক আরও মজবুত করবে।