Nitin Nabin appointed working president:বিহার ভোটের পর বিজেপির কেন্দ্রীয় সংগঠনে রদবদল, কার্যনির্বাহী সভাপতি হলেন নীতিন নবীন!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:বিহার বিধানসভা নির্বাচনের পর বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড় রদবদলের জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। অবশেষে রবিবার সেই জল্পনাই বাস্তব রূপ নিল। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিযুক্ত হলেন বিহারের মন্ত্রী নীতিন নবীন (Nitin Nabin appointed working president)। দলের সংসদীয় বোর্ডের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/14/afshos-kolkata-kunal-ghosh-reacts-after-messi-hyderabad-event/

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে জানান, দলের সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে বিহার সরকারের মন্ত্রী শ্রী নীতিন নবীনকে (Nitin Nabin appointed working president) ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিয়োগ করা হবে। বর্তমানে তিনি নীতীশ কুমারের মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার মেয়াদ অনেক আগেই শেষ হলেও এখনও পর্যন্ত দলের নতুন পূর্ণাঙ্গ সভাপতি নির্বাচন করা হয়নি। প্রায় দু’বছর ধরে সেই পদে বহাল রয়েছেন নাড্ডা। এমন পরিস্থিতিতে দলের পার্লামেন্টারি পার্টির তরফে একজন ‘ওয়ার্কিং প্রেসিডেন্ট’ বা কার্যনির্বাহী সভাপতি নিয়োগ করা হল। রাজনৈতিক মহলের মতে, এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে আপাতত নাড্ডার স্থায়ী বিকল্প ঠিক করতে পারেনি বিজেপি ও আরএসএস নেতৃত্ব।

সাম্প্রতিক সময়ে বিজেপির কেন্দ্রীয় সংগঠনে এভাবে কার্যনির্বাহী সভাপতি নিয়োগের নজির খুব একটা দেখা যায়নি। ২০২০ সালের জানুয়ারি মাসে বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন জেপি নাড্ডা। তাঁর মেয়াদ শেষ হয়ে যায় গত লোকসভা ভোটের আগেই। তবে ভোটের আগে সংগঠনে কোনও অস্থিরতা তৈরি না করতে সভাপতি বদল না করে তাঁকেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিহারের রাজনীতিতে নীতিন নবীন একটি পরিচিত ও অভিজ্ঞ নাম। পটনায় জন্ম তাঁর। তিনি প্রয়াত নবীন কিশোর প্রসাদ সিংহের পুত্র। নবীন কিশোর ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন বিধায়ক। বাবার প্রয়াণের পর নীতিন নবীন সক্রিয়ভাবে নির্বাচনী রাজনীতিতে যুক্ত হন। পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি দীর্ঘদিনের জনপ্রিয় বিধায়ক।

২০০৬ সালের উপনির্বাচনে প্রথম জয়লাভ করার পর থেকে তিনি টানা চারবার—২০১০, ২০১৫, ২০২০ ও ২০২৫ সালে—বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। এই ধারাবাহিক সাফল্য তাঁকে বিহারে বিজেপির অন্যতম নির্ভরযোগ্য ও প্রভাবশালী নেতায় পরিণত করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বর্তমানে নীতীশ কুমারের মন্ত্রিসভায় নীতিন নবীন সড়ক নির্মাণ দফতর এবং নগর উন্নয়ন ও আবাসন দফতরের দায়িত্বে রয়েছেন। তবে জাতীয় স্তরে দলের সংগঠনের এত বড় দায়িত্ব পাওয়ার পর তাঁকে বিহার মন্ত্রিসভার পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলেই রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।