নিউজপোল ব্যুরো: পুজো মিটলেও স্বস্তি ফিরছে না সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) কলকাতা ক্যাম্পাসে। পড়ুয়াদের আন্দোলন ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যেই এবার মধ্যরাতে ক্যাম্পাসে পৌঁছাল পুলিশ। উপাচার্যের সঙ্গে বৈঠকও করেন পুলিশ আধিকারিকরা। ক্যাম্পাসে ফের কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকেই এই তৎপরতা বলে জানা গিয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ। পড়ুয়াদের একাংশের দাবি, বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে তাঁদের উপর হামলা চালান। এরপর ৪ অক্টোবরও হামলার অভিযোগ সামনে আসে। এই ঘটনার প্রতিবাদে এবং ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন পড়ুয়ারা। উপাচার্যের পদত্যাগের দাবিও তোলেন তাঁরা।
মঙ্গলবার সন্ধ্যায় ফের ক্যাম্পাসের ভিতরে মশাল মিছিল করেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, বহিরাগতদের প্রবেশ আটকাতে এবং পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। প্রায় ৫০-৬০ জনের পুলিশি দল ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখে এবং উপাচার্যের সঙ্গে বৈঠক করে।
অন্যদিকে, আন্দোলনকে বৃহত্তর রূপ দিতে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন পড়ুয়ারা। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানেই অনড় তাঁরা। ফলে কবে কাটবে এসআরএফটিআইয়ের অচলাবস্থা, এখন সেটাই বড় প্রশ্ন।
