Amit Shah : বোলপুরের সভা থেকে অমিত শাহের হুঁশিয়ারি ‘বোমার জবাব ব্যালটে দিন’

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বীরভূমের বোলপুরে নির্বাচনী জনসভা থেকে ফের একবার রাজ্যের শাসকদলকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার পল্লিমঙ্গল ক্লাবের মাঠে আয়োজিত সভায় তিনি বলেন, ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিলে বিজেপি কর্মীদের উপর হওয়া অত্যাচারের জবাব দেওয়া হবে। তার বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারির সুর শোনা যায় যারা বিজেপি সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অমিত শাহ (Amit Shah) অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে ‘কাটমানি’, ‘সিন্ডিকেট রাজ’ এবং দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। তিনি দাবি করেন, বিজেপি (BJP) ক্ষমতায় এলে এই দুর্নীতিগ্রস্ত চক্র ভেঙে ফেলা হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। ময়ূরেশ্বরে বিজেপি কর্মীদের উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, নির্দিষ্ট দিনে ঘরে থাকাই ভালো, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: Narendrapur Mystery Death : নির্বাচনী আবহে চাঞ্চল্য! নবগ্রামের ফ্ল্যাটে গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার, গ্রেফতার ২

সভা থেকে ‘অনুপ্রবেশ’ ইস্যুতেও সরব হন তিনি। তার অভিযোগ, সীমান্তবর্তী রাজ্য হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশ রোধে রাজ্য সরকার ব্যর্থ। পাশাপাশি তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, ‘বোমার জবাব ব্যালটে দিন’, অর্থাৎ শান্তিপূর্ণভাবে ভোটের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি নিয়েও সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। শিক্ষক নিয়োগ, রেশন বণ্টন, মনরেগা এবং আবাস যোজনার মতো প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের প্রাপ্য টাকা আত্মসাৎ করা হয়েছে। মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে এমন পরিবেশ তৈরি হবে যেখানে রাতের বেলাতেও মহিলারা নিরাপদে চলাফেরা করতে পারবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এছাড়া তিনি অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালুর কথাও উল্লেখ করেন। শান্তিনিকেতন ও বাংলার সংস্কৃতি নিয়েও মন্তব্য করে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারই এই ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অন্যদিকে, একই সময়ে সিউড়িতে সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সহযোগিতা না থাকলেও রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে উন্নয়নমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে এবং মানুষের পাশে রয়েছে।