I-PAC: ভোট মিটতেই বড় স্বস্তি! জেল থেকে মুক্তি পাচ্ছেন আই-প্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ভোটের আবহে গ্রেফতার হওয়ার পর এবার জামিন পেলেন আইপ্যাকের (I-PAC) ডিরেক্টর ভিনেশ চান্ডেল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে গত ১৩ এপ্রিল আর্থিক অনিয়ম এবং বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থ হাওয়ালার মাধ্যমে বাইরে পাঠানোর সঙ্গে তাঁর যোগ থাকতে পারে। ভোটের আগে এই গ্রেফতারি রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছিল। আর ভোটপর্ব শেষ হতেই তাঁর জামিন মঞ্জুর হওয়ায় নতুন করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ভিনেশ চান্ডেলের জামিন মামলার শুনানি হয়। এর আগে তিনি অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনে তিনি আদালতকে জানান, তাঁর মা ডিমেনশিয়ায় আক্রান্ত এবং বাড়িতে তাঁকে দেখাশোনার মতো কেউ নেই। পারিবারিক পরিস্থিতির কথা বিবেচনা করে জামিন চাওয়া হলেও আদালত প্রথমে সেই আবেদন খারিজ করে দেয়। তবে পরবর্তী শুনানিতে নিয়মিত জামিনের আবেদন গ্রহণ করা হয়।

আরও পড়ুন:CPIM : ভোট শেষে হিসাব কষছে সিপিএম, হারানো ভোট ফেরাতে মরিয়া বাম শিবির

জানা গিয়েছে, এই শুনানিতে (I-PAC) ইডি জামিনের বিরোধিতা করেনি। তদন্তকারী সংস্থা আদালতকে জানায়, অভিযুক্ত তদন্তে সহযোগিতা করেছেন এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন। যদিও তদন্তের স্বার্থে কয়েকটি শর্ত আরোপের আবেদন জানানো হয়। আদালত সেই শর্ত মেনে তাঁকে জামিন দেয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, ভিনেশ চান্ডেল তদন্ত চলাকালীন কোনও সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারবেন না এবং সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করা যাবে না। তাঁকে তদন্তকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী হাজিরা দিতে হবে। পাশাপাশি পাসপোর্ট জমা রাখা এবং নির্দিষ্ট সীমার বাইরে যাওয়ার আগে তদন্তকারী সংস্থাকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘটনাকে (I-PAC) ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। শাসক ও বিরোধী শিবির উভয়েই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। একদিকে বিরোধীরা তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, জামিন আদালতের স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole