CPIM : ভোট শেষে হিসাব কষছে সিপিএম, হারানো ভোট ফেরাতে মরিয়া বাম শিবির

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটপর্ব শেষ হতেই নতুন হিসাব কষায় ব্যস্ত সিপিএম (CPIM)। মূল লক্ষ্য ছিল ভোটের হার বাড়ানো এবং পূর্বে অন্য শিবিরে সরে যাওয়া সমর্থকদের একটি অংশকে ফের নিজেদের দিকে টেনে আনা (West Bengal Election)। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই ভোটের পরপরই দলীয় নেতৃত্ব খাতা-কলম নিয়ে বসেছে কতটা হারানো জমি ফিরে পাওয়া গেল, তার খুঁটিনাটি বিশ্লেষণে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে আগেই নিচুতলায় স্পষ্ট বার্তা গিয়েছিল, ভোট শতাংশ বৃদ্ধির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালাতে হবে। বিশেষ করে দোদুল্যমান ও বামঘেঁষা ভোটারদের কাস্তে-হাতুড়ির প্রতীকে ভোট দেওয়াতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল। ভোটের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই কৌশলের প্রতিফলনও দেখা যায়। দমদম, টালিগঞ্জ, বাগুইআটি, বালিগঞ্জ থেকে শুরু করে মধ্য হাওড়া ও উলুবেড়িয়ার মতো জায়গায় লাল পতাকার উপস্থিতি চোখে পড়েছে। বহু জায়গায় সিপিএমের ক্যাম্প অফিসে কর্মীদের ভিড় ছিল লক্ষণীয়। তুলনায় কিছু এলাকায় বিজেপির ক্যাম্পে কর্মীর সংখ্যা কম চোখে পড়েছে। সিপিএম (CPIM) কর্মীরা ভোটারদের বুথে পৌঁছে দেওয়া থেকে শুরু করে সারাদিন বুথ সামলানোর কাজে সক্রিয় ছিলেন।

আরও পড়ুন: Weather Update : কলকাতায় রেকর্ড বৃষ্টি! রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা,গণনার দিনও বদলাতে পারে আবহাওয়া

দমদম উত্তরের প্রার্থী দীপ্সিতা ধর কিংবা উত্তরপাড়ার মীনাক্ষী মুখোপাধ্যায় অনেকেই মাঠে নেমে বুথে বুথে ঘুরে সংগঠনকে চাঙা রাখার চেষ্টা করেছেন। যাদবপুর, বরানগর, পানিহাটির মতো এলাকাতেও সিপিএমের সক্রিয়তা নজর কেড়েছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, নির্দিষ্ট কিছু কেন্দ্রে পরিকল্পনা করেই জোরদার প্রচার ও সংগঠন চালানো হয়েছে, যেখানে দল নিজেদের সম্ভাবনা দেখছে। গত লোকসভা নির্বাচনে সিপিএমের (CPIM) ভোট শতাংশ নেমে গিয়েছিল প্রায় ৬ শতাংশে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোই এবারের মূল চ্যালেঞ্জ। তাই ‘কমিটেড’ ভোটারদের পাশাপাশি বাম মনোভাবাপন্নদের বুথমুখী করতেই বিশেষ কৌশল নেওয়া হয়েছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

দলীয় শীর্ষ নেতৃত্বও ভোট দিয়েছেন যথারীতি। বিমান বসু ও মহম্মদ সেলিম ভোটদানের পর কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন। সেলিম জানিয়েছেন, শুধু ভোট নয়, গণনা কেন্দ্রেও দলীয় কর্মীরা নজর রাখবেন। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, দল কোনও ধরনের রাজনৈতিক কেনাবেচার রাজনীতিতে বিশ্বাসী নয়, জনগণ সুযোগ দিলে তাদের প্রত্যাশা পূরণ করাই হবে মূল লক্ষ্য।