নিউজপোল ব্যুরোঃ প্রাক্তন সরকারের আমল থেকে বাংলায় চাকরি চুরি নিয়ে এত দিন ধরে সাধারণ মানুষ অসন্তোষে , ঠিক তখনই রাজ্যের বেকার যুবক ও গরীব মানুষের মুখে হাসি ফোটাতে এক মস্ত বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক জরুরি সাংবাদিক বৈঠক থেকে তিনি বাংলার জন্য এক ঐতিহাসিক উপহারের কথা জানান। মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেন, রাজ্যের সার্বিক বদল, নতুন কারখানা তৈরি এবং কর্মসংস্থানের জন্য কেন্দ্রের মোদী সরকার সরাসরি ৮ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের রোজগার বাড়াতে এক ধাক্কায় ১২৫ দিনের কাজের বড় সুযোগও করে দেওয়া হচ্ছে, যা আগে কখনো হয়নি।
শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দেন, তাঁর সরকারের এখন একটাই লক্ষ্য— বাংলায় নতুন শিল্প আনা, দেশ-বিদেশের বড় বড় সংস্থাকে দিয়ে বিনিয়োগ করানো এবং ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করা। গত সরকারের ভুল সিদ্ধান্ত আর তোলাবাজির জন্য এতদিন বাংলায় কোনো নতুন কারখানা তৈরি হয়নি, যুবকেরা কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এবার সেই দিন শেষ হতে চলেছে। রাজ্যে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন তিনি। ১২৫ দিনের কর্মসংস্থানের ঘোষণাকে ঘিরে গ্রামীণ এলাকাতেও নতুন আশার সঞ্চার হয়েছে।
বছরের পর বছর বেকারত্ব, শিল্পহীনতা এবং কর্মসংস্থানের অভাব নিয়ে রাজনৈতিক বিতর্ক চলেছে। এবার ৮ হাজার,৫০০ কোটি টাকার বরাদ্দ এবং ১২৫ দিনের কাজের প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ পায়, সেদিকেই নজর বাংলার মানুষের। কারণ ঘোষণা নয়, মানুষ এখন দেখতে চায় মাটিতে নেমে কাজের বাস্তব ফল। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন— তৃণমূলের সিন্ডিকেট রাজ শেষ বাংলায় এবার শুধুই উন্নয়ন হবে ।
