Supreme Court: ডিএ মামলায় কড়া অবস্থান আদালতের! রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের বকেয়া মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে ফের আইনি চাপ বাড়ালেন মামলাকারীরা। এবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থসচিব প্রভাতকুমার মিশ্রের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছে। মামলাকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের (Supreme Court) স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনও পর্যন্ত বকেয়া ডিএ-র (DA) ২৫ শতাংশ পরিশোধ করেনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চলা মামলার শুনানি শেষে গত ৫ ফেব্রুয়ারি শীর্ষ আদালত (Supreme Court) নির্দেশ দেয়, রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়া ডিএ-র (DA) অন্তত ২৫ শতাংশ দ্রুত মিটিয়ে দিতে হবে। পাশাপাশি বাকি ৭৫ শতাংশ কীভাবে ও কবে দেওয়া হবে, তা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করার কথাও বলা হয়। কিন্তু সেই নির্দেশ জারির এক সপ্তাহ পেরিয়ে গেলেও টাকা না মেটানোয় ক্ষুব্ধ মামলাকারীরা ফের আইনি পথে হাঁটেন।

আরও পড়ুন: SIR : নাম ‘পাস করানোয়’ চাপ দিচ্ছে তৃণমূল, সঙ্গ দিচ্ছে ERO! বড় পদক্ষেপ কমিশনের

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামীম-এর মাধ্যমে এই আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ ইচ্ছাকৃত ও সচেতনভাবে লঙ্ঘন করা হয়েছে, যা স্পষ্টতই আদালত অবমাননার শামিল। আইনজীবীর বক্তব্য, রাজ্য সরকারের এই গড়িমসি কর্মচারীদের ন্যায্য অধিকারকে অস্বীকার করার সমান।

উল্লেখযোগ্যভাবে, এটি প্রথমবার নয়। এর আগেও গত ১৬ মে শীর্ষ আদালত রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর রাজ্য সরকার অতিরিক্ত ছয় মাস সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয়। পরে আবার ৫ ফেব্রুয়ারি একই নির্দেশ পুনর্ব্যক্ত করে আদালত। তবে এবার আর কোনও অতিরিক্ত সময় না দিয়ে দ্রুত অর্থ মেটানোর কড়া বার্তা দেয় শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে আদালত অবমাননার নোটিস ঘিরে ডিএ মামলা নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole