নিউজ পোল ব্যুরো: দীর্ঘ তিন বছর তিন মাস কারাবন্দি থাকার পর ফের আলোচনার কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মুক্তির পর তাঁকে পশ্চিমবঙ্গ বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করা হয়েছে গ্রন্থাগার কমিটি, আবাসন ও অগ্নিনির্বাপণ জরুরি পরিষেবা কমিটি এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটি। প্রশাসনিক দায়িত্বে তাঁর এই প্রত্যাবর্তনের মধ্যেই রাজনৈতিক মহলে ঘুরছে একটাই প্রশ্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কি আবার বেহালা কেন্দ্র থেকে প্রার্থী হবেন তিনি? আদৌ কি ফিরছেন সক্রিয় রাজনীতিতে?
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) স্পষ্ট করে জানান, রাজনীতিতে তিনি কখনওই নিষ্ক্রিয় ছিলেন না। তাঁর কথায়, তাঁকে যতবারই প্রশ্ন করা হয়েছে, ততবারই তিনি এই বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, “সাংগঠনিক বিষয় নিয়ে আমি কিছু বলব না। তবে আমি নিষ্ক্রিয় নই। জেলে থেকেও সংগঠন করা যায়। কারাবাসের পর ফিরে এসেছি। আমার আত্মবিশ্বাস আছে, দলের প্রতি আনুগত্য আছে।”
তবে ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে তিনি সরাসরি কোনও ঘোষণা করেননি। শুধু জানিয়েছেন, বর্তমানে তিনি ফিজিওথেরাপির প্রথম পর্যায়ে রয়েছেন। তাঁর দাবি, শারীরিকভাবে তিনি প্রায় ৯০ শতাংশ সুস্থ, আর মানসিকভাবে শতভাগ দৃঢ়। সেই শক্তি নিয়েই তিনি এগোচ্ছেন। একই সঙ্গে বেহালার মানুষের প্রতি তাঁর আবেগও স্পষ্ট করে তুলে ধরেন। তাঁর কথায়, “যাঁরা টানা ২৫ বছর ধরে একই কেন্দ্র থেকে আমাকে পাঁচবার জিতিয়েছেন, তাঁদের কাছে আমি শুধু এটুকুই বলতে চাই আমি তোমাদের লোক।”
নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) একটি ব্যতিক্রমী উপমাও ব্যবহার করেন। তিনি বলেন, “আমি অ্যাকোরিয়ামের মাছ নই, আমি জলের মাছ। জল বিষাক্ত হলে মাছ মরে যায়, আর কই হলে ডাঙায় উঠে আসে। এখনও জানি না জল বিষাক্ত হয়েছে কি না। অক্সিজেন পাব না ভেবে জামাকাপড় বদলাই না।” এই বক্তব্যের মধ্য দিয়েই তিনি দলের প্রতি নিজের আনুগত্যের কথা আরও একবার তুলে ধরেন। কঠিন সময় পেরিয়েও যে তিনি দল ছাড়েননি, তা স্পষ্ট করে জানান। তাঁর ভাষায়, “আমি আমার জীবনকে তিনটি ভাগে ভাগ করেছি ছাত্রজীবন, কর্পোরেট জীবন এবং মন্ত্রীসভার পদাধিকারী জীবন। তাই আমাকে মুছে ফেলা সহজ হবে না।”
নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও তিনি আত্মবিশ্বাসী। পার্থ বলেন, “আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, আমি অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি সক্রিয়। জেলে থেকেও সক্রিয় ছিলাম। কোনও দিনই নিষ্ক্রিয় ছিলাম না।”
দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না এই প্রশ্নে তাঁর উত্তরও ছিল স্পষ্ট। তিনি বলেন, “আমি কি যোগাযোগ ছিন্ন করেছি? আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অতীত নন, তিনি বাস্তব। আমি দলের প্রতি অনুগত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি পুত্রসম মানুষ করেছি। সে যদি কোনও দিন মুখ্যমন্ত্রী হয়, তাতে আমি আশ্চর্য হব না।”
আর যদি বেহালা থেকে ফের প্রার্থী হন, মানুষ তাঁকে গ্রহণ করবে কি না এই প্রশ্নে পার্থ চট্টোপাধ্যায়ের জবাব ছিল দৃঢ়। তিনি বলেন, “জেল খাটার থেকেও কি এর চেয়ে ভয়ংকর কিছু হতে পারে? অন্ধকার কুপে থাকা, ভয়ঙ্কর অভিযুক্তদের সঙ্গে দিন কাটানোর থেকেও কি বেশি ভয় আছে? আমার তো সম্মানহানি হয়নি। মানুষ প্রশ্ন করলে তার উত্তর দিতে হবে। আর তারাই তো আমাকে জিতিয়েছেন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
