কলকাতায় এবার বিলেতি চমক! টেমস নদীর ফিল এবার কলকাতায়! হুগলি নদীর পাড়ে ৬০ ফুটের দুর্গা আর লন্ডন আইয়ের ধাঁচে ‘কলকাতা আই’!

breakingnews অন্যান্য প্রযুক্তি শহর সংস্কৃতি

নিউজপোল ব্যুরোঃ টেমসের পাড় নয়, এবার হুগলি নদীর তীরে বসেই মিলবে বিলেতের ফিল! হাওড়া-কলকাতার গঙ্গাপাড় কি এবার পেতে চলেছে এক নতুন পরিচয়? লন্ডনের টেমস নদীর ধারের মতো সাজতে চলেছে হুগলি নদীর তীর। হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হতে চলেছে বড়সড় সৌন্দর্যায়ন প্রকল্প। আর এই পরিকল্পনার সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ‘কলকাতা আই’, যা তৈরি হবে লন্ডনের বিখ্যাত ‘লন্ডন আই’-এর আদলে। হুগলি নদীর তীরবর্তী অঞ্চলকে হুবহু বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এক নজিরবিহীন মেগা পরিকল্পনা নিল প্রশাসন।

কলকাতা পোর্ট ট্রাস্ট এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই— গঙ্গাপাড়কে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। প্রকল্প বাস্তবায়িত হলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এই এলাকা নতুন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের আরেকটি বড় আকর্ষণ হবে মা দুর্গার বিশাল ধাতব মূর্তি। ‘দুর্গা শক্তি’ নামে এই ভাস্কর্যের উচ্চতা প্রায় ৬০ ফুট হওয়ার কথা যা সারা বছরই দেশ-বিদেশের পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে । মূর্তির দুই পাশে ধুনুচির আদলে বিশেষ স্থাপত্যও তৈরি করা হবে। দুর্গাপুজোর আগেই কাজ শেষ করার লক্ষ্যে পরিকল্পনা এগোচ্ছে বলে জানা গিয়েছে। বিশাল এই নাগরদোলার চূড়ায় উঠলে এক পলকে দেখা যাবে গোটা কলকাতা ও হাওড়া শহরের স্কাইলাইন। শুধু পর্যটন নয়, নাগরিক পরিষেবার ক্ষেত্রেও বড় পরিবর্তনের ভাবনা রয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাধের সেই ‘লন্ডন বানানোর’ স্বপ্ন এতদিন শুধু ফাইলবন্দি আর প্রতিশ্রুতির চকমকেই আটকে ছিল। অবশেষে গঙ্গার নোংরা ঘাটে বিলেতি চমক এনে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মেগা স্ট্রোক দিল প্রশাসন। এই মেগা প্রজেক্টের হাত ধরে তিলোত্তমার পর্যটন যে এক লাফে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে,। বছরের পর বছর উন্নয়নের প্রতিশ্রুতি শুনেছে বাংলা। এবার সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবে রূপ পায়, সেদিকেই নজর সাধারণ মানুষের।