নিউজপোল বাংলা: বসন্তের শুরুতেই শহরে পা রাখলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee)। যখন সারা ভারত দাপাচ্ছে রানি অভিনীত ‘মর্দানি ৩’ (Maardani 3) তখন কলকাতা বিমানবন্দরে রানি আসতেই শুরু হল জনতার উন্মাদনা। শহরে সন্ধেবেলা এক বিশেষ পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে শহরে আসেন রানি। তবে এসেই রানি দেখা করেন নিজের ছোট মাসি দেবশ্রী রায়ের সঙ্গে। একসঙ্গে দু’জনে পুজো দিতে যান কালীঘাট মন্দিরে। আবার সন্ধে হতেই পুরস্কার অনুষ্ঠানে রানির সঙ্গে সাক্ষাৎ হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।
দেবশ্রী আর প্রসেনজিতের তিন দশকের বেশি সময় আগে বিয়ে ভেঙে গিয়েছিল। মাত্র এক বছর টিঁকেছিল তাঁদের বিয়ে। তবে ওঁদের জুটির প্রেম ছিল কৈশোর থেকেই। সেই সূত্রেই রানিদের বম্বের বাড়িতে দীর্ঘদিন যাতায়াত ছিল প্রসেনজিতের।

আট নয়ের দশকে বাংলা ছবির হায়েস্ট পেড জুটি ছিল প্রসেনজিৎ-দেবশ্রী। তাঁদের প্রেমের মেয়াদ অনেকদিন হলেও বিয়ের মেয়াদ ছিল মাত্র এক বছর। ডিভোর্সের পর আর কখনও একসঙ্গে ছবি করেননি দেবশ্রী-প্রসেনজিৎ। ঐ ভাঙনের সময়ই রানির বাবা রাম মুখোপাধ্যায়ের ‘বিয়ের ফুল’ ছবিতে হিরো হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই বাংলা ছবিতেই নায়িকা হিসেবে ডেবিউ হয় রানি মুখোপাধ্যায়ের। এরপর বম্বে গিয়ে বলিপাড়ার প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন রানি। কিন্তু প্রসেনজিৎ আর দেবশ্রীর মুখ দেখাদেখি বন্ধ আজ তিন দশকের বেশি।
যদিও মাসি আর প্রাক্তন মেশো দুজনের সঙ্গেই সম্পর্ক ভাল আছে রানির। প্রসেনজিৎ আজও মনে করে খুশি হন একসময় রানিদের বম্বের বাড়িতে তাঁর কাটানো আনন্দঘন মুহূর্তগুলি। আজও কলকাতা চলচ্চিত্র উৎসব হোক বা কোনও পুরস্কার অনুষ্ঠান রানি কলকাতা এলে প্রসেনজিৎ ভীষণ ভাবেই রানিকে সমাদর করেন। যদিও সেইসব অনুষ্ঠানে কখনও উপস্থিত থাকেননি দেবশ্রী।

গতকালও ছিল তেমন এক অনুষ্ঠান। একটি সংবাদ পত্রিকার নারী পুরস্কারে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রানি। সেই অনুষ্ঠানে রানির সঙ্গে মঞ্চে ছিলেন প্রসেনজিৎ। আদর্শ নারীদের কথা বলতে গিয়ে রানি বলতে শুরু করেন তাঁর দিদিমা আরতি রায় ও মা-মাসিদের লড়াইয়ের গল্প। রানি আরও বলেন আমার দিদা আর মা-মাসিদের লড়াই বুম্বাদা (প্রসেনজিতের ডাক নাম) খুব ভাল করেই জানে। প্রসেনজিৎ সেই কথায় সমর্থন জানান। এভাবেই প্রাক্তন মেশোর সামনে তাঁর প্রাক্তন স্ত্রী দেবশ্রী ও প্রাক্তন শ্বশুরবাড়ির কথা বলেন। প্রসেনজিৎকে পায়ে হাত দিয়ে প্রণামও করেন রানি।
তিন দশকের আগের সংঘাত রানি আর প্রসেনজিতের মাঝে বিবাদ আনেনি। অন্যদিকে গতকাল সকালবেলা কালীঘাট মন্দিরে মাসি দেবশ্রী রায়ের সঙ্গে পুজো দিতে গিয়েছিলেন রানি। মন্দিরে বলিউড টলিউডের দুই নায়িকাকে দেখে ভক্তদের মধ্যে তুমুল উচ্ছাস শুরু হয়। সন্ধে হতেই রানি আর প্রসেনজিতের সাক্ষাৎ সেই নয়ের দশকের ‘বিয়ের ফুল জুটিকে আবার মনে করাল।
রানি সকাল আর সন্ধে দুটি বেলায় দেবশ্রী আর প্রসেনজিতের সঙ্গে ধরা দিলেন। কিন্তু প্রশ্ন একটাই প্রসেনজিৎ-দেবশ্রীর জুটি কি আর ফিরবে?
