Bangladesh Election: “ভোটের দিনে বিস্ফোরণে কাঁপল বাংলাদেশ! হাসিনার শক্ত ঘাঁটি গোপালগঞ্জে ককটেল হামলা, আহত ৩

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নির্বাচনের (Bangladesh Election) দিনেই গোপালগঞ্জে ছড়িয়ে পড়ল আতঙ্ক। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশের গোপালগঞ্জ সদর উপজেলায় একটি ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। সকাল সাড়ে ৯টা নাগাদ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলে স্থাপিত ভোটকেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে কেন্দ্র চত্বরে হুড়োহুড়ি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন: Bangladesh Vote: হাঁটতে পারেন না, দুই নাতির কাঁধে চড়ে ভোট দিতে হাজির তৈয়বজান

এই ঘটনায় বাংলাদেশের সুরক্ষাবাহিনী আনসারের দুই সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন। আহত আনসার সদস্যদের নাম সুকণ্ঠ মজুমদার ও জামাল হোসেন। তাঁদের সঙ্গে আহত হয়েছেন ভোট দিতে আসা এক কিশোরী আমেনা খানম, বয়স ১৪ বছর। আহত তিনজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সকলের অবস্থাই স্থিতিশীল, তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের (Bangladesh Election) জেরে ভোটকেন্দ্রের মূল প্রবেশপথ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে কারা এই হামলার সঙ্গে যুক্ত, কিংবা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি প্রশাসন।

প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে চলতি নির্বাচনে (Bangladesh Election) আওয়ামি লিগ অংশগ্রহণ না করায় জেলায় ভোটের আমেজ তুলনামূলকভাবে কম ছিল। অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে ভোটার উপস্থিতিও ছিল কম। উল্লেখযোগ্যভাবে, ভোটের আগের রাতেই জেলা সদর ও টুঙ্গিপাড়া এলাকায় একের পর এক মোট নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা ঘিরে আগে থেকেই উত্তেজনা তৈরি হয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole