নিউজ পোল ব্যুরো: কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে রাজ্য স্বাস্থ্য দফতর। দু’জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। এবার সেই উদ্বেগ আরও বেড়েছে, কারণ নিপা সংক্রমণে (Nipah Virus) একজন নার্সের মৃত্যুর খবর সামনে এসেছে। জানা গিয়েছে, আক্রান্ত দু’জন স্বাস্থ্যকর্মীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বারাসতের একটি বেসরকারি হাসপাতালে গত ৪ জানুয়ারি থেকে ওই দু’জন নার্স চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ৩৯ দিন হাসপাতালে ভর্তি থাকার পর শেষ পর্যন্ত একজন নার্সের মৃত্যু হয়। সূত্রের খবর, মৃত নার্স কাটোয়ার বাসিন্দা ছিলেন। প্রথমে তিনি জ্বর ও ডায়ারিয়ায় আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারাসতের ওই বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দু’জনকেই ভেন্টিলেশন সাপোর্টে রেখে চিকিৎসা চালাচ্ছিলেন। তাঁদের মধ্যে একজন কয়েকদিন আগে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান।
এদিকে সংক্রমণের আশঙ্কায় পরে আরও দু’জনকে হাসপাতালে ভর্তি করা হলেও পরীক্ষায় তাঁদের শরীরে নিপা ভাইরাসের কোনও উপস্থিতি পাওয়া যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি বিশেষ দল আক্রান্ত নার্সের বাড়ি ও আশপাশের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তদন্ত চালায়। সেই তদন্তে জানা যায়, খেজুরের রস পান করার মাধ্যমেই ওই নার্স নিপা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
চিকিৎসকদের মতে, খেজুরের রস কিংবা বাদুড় খেয়েছে এমন ফলের মাধ্যমেই নিপা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিপা সংক্রমণের (Nipah Virus) প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ জ্বর বা সর্দির মতো হওয়ায় সহজে আলাদা করে চিহ্নিত করা যায় না। শুরুতে জ্বর, সর্দি, মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলেও ধীরে ধীরে ভাইরাস শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রভাব ফেলতে শুরু করে।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, যাঁর মৃত্যু হয়েছে তিনি সম্প্রতি কিছুটা সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎ করেই নিপা ভাইরাসের প্রভাব দ্রুত শরীরে ছড়িয়ে পড়ায় পরিস্থিতির অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
