তোলাবাজির কালো টাকায় সোনার পাহাড়? সব্যসাচীর অত্যন্ত ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে সাড়ে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত!

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: নদীয়ার করিমপুরে সোমবার গভীর রাতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল আচমকাই হানা দেয়। তোলাবাজি কাণ্ডে আগেই গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে নদিয়ার করিমপুরে সব্যসাচীর অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূলের জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে দফায় দফায় তল্লাশি চালানো হয়। আর তাতেই উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন কেজি ওজনের খাঁটি সোনার গয়না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে সব্যসাচী দত্তকে নিয়ে করিমপুরে পৌঁছন তদন্তকারীরা। গোপন সূত্রে খবর ছিল, তাঁর ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার কাছে বেশ কিছু সোনার গয়না রাখা রয়েছে। প্রথমে তাঁর বাপের বাড়িতে তল্লাশি চালিয়ে এক কেজির বেশি সোনা উদ্ধার হয়। পরে শ্বশুরবাড়িতেও অভিযান চালিয়ে আরও সোনা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় সাড়ে তিন কেজি বলে দাবি পুলিশের। যদিও টিনা সাহার শ্বশুরের দাবি, তাঁদের পরিবার থেকে বিয়ের সময় দেওয়া গয়না-সহ মোট প্রায় ২০০ গ্রাম সোনা পুলিশ নিয়ে গিয়েছে। পরিবারের দাবি, উদ্ধার হওয়া সমস্ত গয়নাই বৈধ এবং পারিবারিক সম্পত্তি।

এর আগেও রাজারহাটের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা, নগদ টাকা এবং কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতে পেয়েছিল পুলিশ। পাশাপাশি প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটও বাজেয়াপ্ত করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর। সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের এই ঘটনা ঘিরে নতুন করে উঠছে একাধিক প্রশ্ন—এটাই কি শেষ, নাকি তদন্ত যত এগোবে ততই সামনে আসবে আরও বড় চমক?