হুইলচেয়ারে বসেই গড়েছিলেন এশিয়া রেকর্ড, সেই সোনাজয়ী নীরজের এমন পরিণতিতে শোকের ছায়া

দেশ

নিউজপোল ব্যুরো: প্রতিকূলতা ও বাধা হয়নি তাঁর সাফল্যের পথে।ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হয়ে হাঁটাচলার ক্ষমতা হারিয়েছিলেন নীরজ যাদব। কিন্তু সেই সীমাবদ্ধতাকে পার করে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে নিজের জায়গা করে নিয়েছিলেন নীরজ যাদব। জ্যাভেলিন থ্রোয়ে এশীয় রেকর্ড গড়ে দেশকে সোনা এনে দেওয়া এই প্যারা অ্যাথলিটের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে ক্রীড়ামহলে। মঙ্গলবার রাতে দিল্লির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ।

উত্তরপ্রদেশের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা নীরজের ক্রীড়াজীবন শুরু হয়েছিল হুইলচেয়ার টেনিস দিয়ে। প্রায় সাত বছর সেই খেলায় যুক্ত থাকার পর ২০১৫ সালে অ্যাথলেটিক্সে যোগ দেন তিনি। প্রথম বছরেই দিল্লির রাজ্যস্তরের প্রতিযোগিতায় জ্যাভেলিন, ডিসকাস ও শটপাটে সোনা জিতে নজর কাড়েন।

এরপর আন্তর্জাতিক মঞ্চেও নিজের দক্ষতার ছাপ রাখেন নীরজ। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান প্যারা গেমসে F55 বিভাগে জ্যাভেলিন থ্রোয়ে ২৯.৮৪ মিটার ছুড়ে এশীয় রেকর্ডসহ সোনা জেতেন। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে দুটি সোনা জিতে সাফল্যের মুকুটে আরও পালক যোগ করেন। ২০২২ সালে মরক্কোর মারাকেশ প্যারা গ্রাঁ প্রি থেকেও সোনা জিতেছিলেন তিনি।

তবে ক্রীড়াক্ষেত্রে এত সাফল্যের পরও নীরজের জীবনের শেষ অধ্যায় ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এশিয়ান প্যারা গেমসে সুযোগ না পাওয়ার হতাশা তাঁর উপর প্রভাব ফেলেছিল কি না, তা নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্যারা অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ এস সত্যনারায়ণ। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। নীরজের প্রয়াণে ভারতীয় প্যারা-স্পোর্টসে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।