দেবরাজের সিন্ডিকেট রাজের অধ্যায় এবার শেষ? গ্রেপ্তারের ৩৫ দিন পরেই আদালতে দেবরাজের কুকীর্তির খতিয়ান পেশ STF-এর

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বাগুইআটির একসময়ের অপরাজেয় দাপুটে নেতা ও প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে শেষমেশ চূড়ান্ত আইনি খাঁড়া নেমে এল! তোলাবাজি, সিন্ডিকেটরাজ, আর কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়ার ঠিক ৩৫ দিনের মাথায় বারাসাত আদালতে পেশ করা হলো দেবরাজের চার্জশিট। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর দেওয়া এই চার্জশিটে বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদের বিরুদ্ধে থাকা ভূরি ভূরি অন্যায়ের বিস্ফোরক তথ্য উঠে এসেছে।  বড় বড় প্রোমোটারদের উপর চাপ সৃষ্টি করে কোটি কোটি টাকা তোলা আদায় থেকে শুরু করে সাধারণ অটোচালকদের রক্ত জল করা উপার্জনে ভাগ বসানো— বাদ যায়নি কিছুই।

তদন্তকারীদের বক্তব্য, দেবরাজ চক্রবর্তীর নামে থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর দুটি লকার থেকে বিপুল পরিমাণ সোনা থাকার তথ্যও তদন্তে সামনে এসেছে বলে দাবি। এই সম্পদের উৎস কী, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন আরও গভীরে তদন্ত চলছে। অভিযোগ, তোলাবাজির টাকা ব্যবহার করে সম্পত্তি কেনা এবং বড় আর্থিক লেনদেনেরও সূত্র মিলেছে। চার্জশিটে মোট ১১ জন সাক্ষীর বয়ান যুক্ত করা হয়েছে। পাশাপাশি আদালতে জমা পড়েছে বিভিন্ন নথি, আর্থিক তথ্য এবং তদন্তে পাওয়া একাধিক প্রমাণ। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১১১ ধারাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অপরাধের মামলা নয়, বরং সংগঠিত অপরাধচক্রের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় এলাকায় বহুদিন ধরেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে নানা অভিযোগ ঘুরে বেড়াত। অভিযোগ ছিল, নির্মাণ প্রকল্প, ব্যবসা এবং পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত বহু মানুষকে নিয়মিত চাপের মুখে পড়তে হতো। যদিও এই সব অভিযোগের বিচার এখনও আদালতে হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া বাকি।