ই-২০ পেট্রল ইস্যুতে পুলিশের বাধা উড়িয়ে বেলা ১২টায় মোদীর বাসভবন ঘেরাও করার ডাক দিয়েছেন কেজরিওয়াল

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: পেট্রোলিয়াম পণ্যে ‘E20’ বা ২০ শতাংশ ইথানল মেশানোর সিদ্ধান্তের প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে নামলেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের ডাক দিয়েছেন তিনি। মাত্র ১০০ জন অনুগামীকে নিয়ে এই প্রতিবাদ মিছিল করার পরিকল্পনা থাকলেও দিল্লি পুলিশ নিরাপত্তার স্বার্থে কঠোর অবস্থান নিয়ে সেই অনুমতি বাতিল করে দিয়েছে। তা সত্ত্বেও নিজের দাবিতে অনড় আপ সুপ্রিমো, যার ফলে জাতীয় রাজধানীতে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, বেলা ১২টা নাগাদ আপের সদর দফতর থেকে কেজরিওয়ালের নেতৃত্বে এই হাই-ভোল্টেজ মিছিল শুরু হওয়ার কথা। সাধারণ গাড়ির ইঞ্জিনের ক্ষতি ও জ্বালানি খরচের অজুহাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরির অভিযোগ তুলে মোদী সরকারের এই নীতির বিরোধিতা করছে আপ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রধানমন্ত্রীর বাসভবন এবং সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লির একাধিক সীমান্ত ও সংযোগকারী রাস্তা। অনুমতিহীন এই অভিযানের জের ধরে রাজধানীর কেন্দ্রস্থলে বড়সড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে, যার ফলে ব্যাহত হতে পারে সাধারণ যান চলাচলও।

E20 নীতির ফলে সাধারণ মানুষের গাড়ির ইঞ্জিনের ক্ষতি হতে পারে এবং জ্বালানির খরচও বাড়তে পারে। অন্যদিকে, কেন্দ্রের দাবি এই নীতি দূষণ কমানো, বিদেশি তেলের উপর নির্ভরতা কমানো এবং কৃষকদের উপকারের লক্ষ্যেই নেওয়া হয়েছে। ফলে বিষয়টি এখন শুধু জ্বালানি নীতি নয়, বড় রাজনৈতিক লড়াইয়েও পরিণত হয়েছে।