নিউজ পোল ব্যুরো: সরকারি টাকা কথায় কথায় বিলিয়ে দেওয়া যায় না — আর দুর্গাপুজোর (Durgapuja 2025) নাম করে অনুদান পেলেই যে কেউ তা খরচ করতে পারবে, এমন ভাবনার দিন শেষ। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এবার স্পষ্ট করে দিল, হিসেব না দিলে অনুদান নয়। দুর্গাপুজোর জন্য প্রতি বছর রাজ্য সরকারের তরফে ক্লাবগুলিকে দেওয়া হয় আর্থিক অনুদান। ২০২৪ সালে ক্লাব প্রতি অনুদান ছিল ৮৫ হাজার টাকা। চলতি বছরে সেই অঙ্ক আরও বাড়িয়ে করা হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা। কিন্তু এই মোটা অঙ্কের সরকারি খরচের কতটা সঠিক ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই।
বুধবার, বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যেসব ক্লাব গত বছরের অনুদানের হিসেব এখনও জমা দেয়নি, তারা এ বছর কোনও অনুদান পাবে না। হাইকোর্টের (Calcutta High Court) মতে, সরকারি টাকা খরচের আগে স্বচ্ছতা থাকা জরুরি। আর সেই স্বচ্ছতার প্রমাণ হিসেব না থাকলে, অনুদান দেওয়া সংবিধানসিদ্ধ দায়িত্বের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়।
আদালতের (Calcutta High Court) নির্দেশ, ক্লাবগুলিকে এক মাসের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যথাযথ রিপোর্ট ও ব্যয় বিবরণী জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। তা না হলে অনুদান বাতিল হবে। তবে, এ বছর নতুনভাবে যে ক্লাবগুলি তালিকাভুক্ত হয়েছে, তাদের এই নিয়মের আওতায় ধরা হবে না। শুধুমাত্র গত বছরে যারা অনুদান পেয়েছিল, তারাই এই নিরীক্ষার আওতায় পড়বে। এই রায়ের ফলে রাজ্যের বহু ক্লাবকে দ্রুত আর্থিক হিসেব গুছিয়ে জমা দিতে হবে, নয়তো হাতছাড়া হবে লক্ষাধিক টাকার সরকারি অনুদান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
