তবে কি ‘কালীঘাট’ ছাড়ছেন শশী পাঁজা? কাকলির ক্লিনিকে গোপন বৈঠকের পর তুঙ্গে দলবদলের জল্পনা

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের প্রবীণ নেতা শশী পাঁজাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি তাঁকে এনসিপিআই (NCPI) সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ভবানীপুরের ফার্টিলিটি রিসার্চ ইনস্টিটিউটে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে দলবদলের গুঞ্জন ছড়িয়েছে। তবে এই জল্পনায় জল ঢেলেছেন কাকলি ঘোষ দস্তিদার নিজেই। তাঁর দাবি, শশী পাঁজা বহু বছর ধরে ওই প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসক হিসেবে যুক্ত। এখনও তিনি সেখানে নিয়মিত পেশাগত কাজ করেন। তাই তাঁর যাতায়াতকে রাজনৈতিক বৈঠক হিসেবে দেখা ঠিক হবে না।

অন্যদিকে, জল্পনায় আরও ইন্ধন জোগায় কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের একটি ফেসবুক পোস্ট। সেখানে তিনি দাবি করেন, তাঁদের আইভিএফ কেন্দ্রে দু’জন প্রাক্তন মন্ত্রী ও তিনজন বর্তমান সাংসদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। যদিও কারও নাম প্রকাশ করা হয়নি। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, সেই দুই প্রাক্তন মন্ত্রীর একজন কি শশী পাঁজা? এই পরিস্থিতিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ স্পষ্ট জানান, শশী পাঁজা এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছেন। তাঁর কথায়, নির্বাচনের পর কিছুদিন বাইরে থাকলেও এখন তিনি কলকাতায় ফিরে এসেছেন এবং চিকিৎসক হিসেবে আগের পেশাগত কাজ শুরু করেছেন। তাঁর অবস্থান বদলেছে বলে কোনও তথ্য তাঁদের কাছে নেই।

তবে রহস্য আরও বেড়েছে, কারণ সোমবার শশী পাঁজার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। তাঁর বাড়ি বা পার্টি অফিস— কোথাও তাঁকে পাওয়া যায়নি। যদিও সেদিন তাঁকে ঘোষ দস্তিদার ইনস্টিটিউটে যেতে দেখা গেছে। অন্যদিকে তাঁর মেয়ে তথা প্রাক্তন কাউন্সিলর পূজা পাঁজার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।