উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গেও দুর্যোগের মেঘ! ৪ আগস্ট থেকে কলকাতা জুড়ে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: ৪ অগস্ট মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে চরম প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি মোকাবিলার জন্য একই সঙ্গে লাল, কমলা ও হলুদ—এই তিন ধরনের সতর্কতাই জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটারও ছাড়িয়ে যেতে পারে।

সবচেয়ে বেশি বিপদের মুখে পড়তে চলেছে পাহাড় ও সংলগ্ন এলাকা। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার—এই তিন জেলাতেই জারি করা হয়েছে সর্বোচ্চ ‘লাল সতর্কতা’। এ ছাড়া কালিম্পং এবং কোচবিহারেও মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির দাপট দেখবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরও।

টানা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে একাধিক জায়গায় ধস নামার চরম আশঙ্কা করা হচ্ছে। এর ফলে প্রধান পাহাড়ি রাস্তাগুলিতে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হওয়া ও চাষের জমিতে ফসলের ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাকের মতো প্রধান পাহাড়ি নদীগুলিতে দ্রুত বাড়ছে জলস্তর, যা নতুন করে বন্যার আতঙ্ক উস্কে দিচ্ছে।