Arup Biswas:’আমার মনে হয়, মেসিই গোল্ডেন বুট পাবে’ বিশ্বকাপ ফাইনালের আগে বাজি অরূপ বিশ্বাসের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:বিশ্বকাপ ফাইনালকে ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তখন সেই আবহেই নিজের প্রত্যাশার কথা জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সাম্প্রতিক ‘মেসি-কাণ্ড’ ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্কে দীর্ঘদিন শিরোনামে থাকা অরূপ এদিন ফুটবল প্রসঙ্গে বলেন, তাঁর বিশ্বাস, এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জিতবেন লায়োনেল মেসি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের বিষয়ে তিনি কোনও নিশ্চিত মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন:Agnimitra Pal:’টিএমসি নয়, এখন টিটিজি’— ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে তৃণমূলকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের!

রবিবার তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধীমূর্তির পাদদেশে যান অরূপ বিশ্বাস (Arup Biswas)। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যে ভালো খেলবে, সেই জিতবে। আমি বরাবর ব্রাজিলের সমর্থক। কিন্তু ব্রাজিল নেই। ফাইনালে রয়েছে আর্জেন্টিনা ও স্পেন—দুটোই শক্তিশালী দল। সবাই চাইছে মেসি জিতুক, অর্থাৎ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। তবে আমার মনে হয়, যে-ই জিতুক না কেন, ম্যাচটা উপভোগ্য হবে।”

আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অরূপ বলেন, “আমি কোনও ফুটবল বিশেষজ্ঞ নই। মাঠেও খেলতে নামছি না। তবে আমার মনে হয়, মেসিই গোল্ডেন বুট পাবেন। কত গোল করবে, সেটা বলতে পারব না।”

অরূপের এই আশাবাদের পাশাপাশি গোল্ডেন বুটের অঙ্কও যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে ১০ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন কিলিয়ান এমবাপে। ফলে ফাইনালে একটি গোল করলেও মেসির মোট গোল হবে ৯, যা গোল্ডেন বুট জয়ের জন্য যথেষ্ট নয়। তবে হ্যাটট্রিক করলে তিনি ১১ গোলে পৌঁছে এমবাপেকে টপকে যেতে পারেন। আবার দুটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এমনকি দুটি গোল করে গোল ও অ্যাসিস্টে সমতা হলেও, মাঠে কম সময় খেলার নিরিখে মেসির এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

ফলে বিশ্বকাপ ফাইনালের ট্রফি জয়ের লড়াইয়ের পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ও সমান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আর সেই লড়াইয়ে লিওনেল মেসির পক্ষেই বাজি ধরলেন অরূপ বিশ্বাস। তবে শেষ পর্যন্ত সব হিসাবের উত্তর দেবে মাঠের পারফরম্যান্সই।