Ministy Of External Affairs: রাশিয়ার সেনায় নয়, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্র! যুদ্ধের ফাঁদে পা না দিতে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) আবহে আবারও ভারতীয়দের প্রতি কড়া বার্তা দিল ভারতের বিদেশ মন্ত্রক (Ministy Of External Affairs)। রাশিয়ার সেনাবাহিনীতে কোনওভাবেই যেন ভারতীয় নাগরিকরা যোগ না দেন, সে বিষয়ে ফের সতর্ক করা হয়েছে কেন্দ্রের তরফে। সাম্প্রতিক সময়েই নতুন করে বেশ কয়েকজন ভারতীয়ের রুশ ফৌজে নিয়োগের খবর সামনে আসার পরই এ হুঁশিয়ারি জারি করল ভারত সরকার।

আরও পড়ুন: Delhi: উৎসবের ভিড়ে ভয়ানক ছক! পাঁচ আইএস জঙ্গি গ্রেপ্তার, উদ্ধার বিস্ফোরক ও রাসায়নিক

বিদেশ মন্ত্রকের (Minsty Of External Affairs) মুখপাত্র রণধীর জয়সওয়াল (Ranadheer Jaiswal) স্পষ্ট জানিয়েছেন, কিছু ভারতীয়কে প্রতারণা করে রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে সেনায় যোগদান করানো হয়েছে। তাদের যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হয়েছে এমন খবরও রয়েছে। তিনি বলেন, “আমরা বিষয়টি দিল্লি ও মস্কো—দুই জায়গাতেই সর্বোচ্চ স্তরে রুশ প্রশাসনের কাছে তুলে ধরেছি। ভারতীয়দের মুক্তি দিতে এবং এই ধরনের নিয়োগ বন্ধ করতে অনুরোধ জানিয়েছি।”

এই ঘটনার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক (Ministy Of External Affairs) সকল ভারতীয় নাগরিককে অনুরোধ করেছে, রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রলোভনে যেন কেউ পা না দেন। যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানোর ঝুঁকি কতটা ভয়ঙ্কর হতে পারে, তা গত বছরেই বোঝা গিয়েছিল। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রতারণার মাধ্যমে বা ভুল তথ্য দিয়ে যে কোনও বিদেশি সেনাবাহিনীতে যোগদান আইনত এবং নৈতিকভাবে অনুচিত।

চলতি বছর শুরুতে সংসদে বিদেশ মন্ত্রক জানায়, মোট ১২৭ জন ভারতীয় রুশ সেনায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৯৮ জনকে অব্যাহতি দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ১৩ জন ভারতীয় রাশিয়ার ফৌজে রয়েছেন বলে তথ্য মিলেছে, যাদের মধ্যে ১২ জন নিখোঁজ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “বেশিরভাগ ভারতীয় ভুল বুঝে বা ভুয়ো প্রতিশ্রুতির ফাঁদে পড়ে সেনায় নাম লেখান। বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও হয়েছে। পুতিন আশ্বাস দিয়েছেন, ভারতীয়দের মুক্তি দেওয়া হবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole