নিউজ পোল ব্যুরো: উৎসবের মরশুমে যখন দেশজুড়ে আনন্দ আর উৎসবের আলোয় মেতে উঠেছে সাধারণ মানুষ, ঠিক তখনই বড়সড় নাশকতার ছক ভেসে উঠল গোয়েন্দাদের নজরে। দেশের অভ্যন্তরে আইএস জঙ্গিদের সক্রিয়তা এবং তাদের ভয়ঙ্কর পরিকল্পনা রুখে দিল যৌথ নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও দিল্লি (Delhi) পুলিশের স্পেশাল সেলের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জন সন্দেহভাজন আইএস সদস্যকে।
আরও পড়ুন: CV Anand Bose: নেপাল সীমান্তে টানটান পরিস্থিতি, প্যানিট্যাঙ্কি ঘুরে আশ্বাস দিলেন রাজ্যপাল
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জনকে পাকড়াও করা হয় রাজধানী দিল্লি থেকে। বাকি তিনজনকে ধরা হয় মধ্যপ্রদেশ, হায়দরাবাদ ও রাঁচি থেকে। বুধবার গভীর রাতে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং কিছু বিপজ্জনক রাসায়নিক পদার্থ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই রাসায়নিকগুলি আইইডি বিস্ফোরক তৈরির উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল।
বিশেষ সূত্রে জানা গেছে, দিল্লিতে (Delhi) ধৃত দু’জনের নাম আফতাব ও সুফিয়ান। দু’জনেই বিস্ফোরক তৈরি ও তা ব্যবহার করার প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু তাই নয়, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি (Pakistan) হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত এবং ভারতে বসেই অন্যান্য যুবকদের র্যাডিকালাইজ করার কাজ চালাচ্ছিল বলে সন্দেহ। ধৃতদের মোবাইল ও অনলাইন অ্যাকাউন্ট ঘেঁটে এমনই তথ্য মিলেছে।
রাঁচি, হায়দরাবাদ এবং মধ্যপ্রদেশে থাকা বাকি তিনজনও একই নেটওয়ার্কের অংশ বলে মনে করছে তদন্তকারী দল। ইতিমধ্যেই দেশের একাধিক জায়গায় হানা দিয়ে আরও তথ্য ও সংযোগসূত্র জোগাড়ে তৎপর গোয়েন্দারা। উৎসবের আবহে দেশজুড়ে এই ধরনের নাশকতার ছক প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে উদ্বেগ। তবে, সময়মতো এই ষড়যন্ত্র ফাঁস হওয়ায় অনেক বড় ক্ষতি থেকে বাঁচল দেশ (Delhi)। গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের সক্রিয়তায় আপাতত নাশকতার ভয় কিছুটা হলেও প্রশমিত হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
