নিউজ পোল ব্যুরো: নিউটাউনের এক বিলাসবহুল আবাসনে অভিনব কায়দায় বড়সড় চুরির ঘটনা ঘটল (Newtown Incident)। চুরি যাওয়া Apple iPad–এর GPS Tracker শেষ পর্যন্ত চোরকে পুলিশের হাতে ধরিয়ে দিল। বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার (Police Arrest) উদ্যোগে দ্রুত গ্রেফতার হয় অভিযুক্ত। আজ ধৃতকে বারাসত আদালতে (Barasat Court) তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: Weather Update : কলকাতা-সহ বাংলায় অস্বস্তিকর গরম, কবে নামবে স্বস্তির বৃষ্টি?
পুলিশ সূত্রে খবর, নিউ টাউনের (Newtown Incident) ইউনি ওয়ার্ল্ড সিটিতে বাস করেন ব্যবসায়ী সৈয়দ তাজউদ্দিন ও তার স্ত্রী। তাঁদের একটি কফি শপ রয়েছে নিউ টাউন এলাকায়। রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ আবাসনে ফিরে তাজউদ্দিন দেখেন, গ্যারেজ থেকে তাঁর দামি গাড়িটি নেই। ফ্ল্যাটে ঢুকেই চোখে পড়ে ভয়াবহ চিত্র—আলমারি, বিছানা, ঘরের প্রায় সব জিনিস ওলটপালট করা। এমনকি সিসিটিভি ও ওয়াই-ফাই ক্যামেরাও ভেঙে দিয়েছিল দুষ্কৃতী।

চুরি যাওয়া জিনিসের মধ্যে রয়েছে সোনার গয়না, রুপোর অলঙ্কার, দামি হাতঘড়ি, একটি ট্রলি ব্যাগ, ল্যাপটপ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি Apple iPad। মোট চুরি হওয়া জিনিসপত্রের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা (Stolen Items)। তাজউদ্দিন দ্রুত টেকনোসিটি থানায় খবর দেন এবং নিজের মোবাইল থেকে আইপ্যাডের লোকেশন ট্র্যাক করতে থাকেন। অল্প সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন আইপ্যাডের সিগন্যাল হাওড়া স্টেশনে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে নিয়ে সেখানে পৌঁছে যান তিনি।

হাওড়া স্টেশনে হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত সুজিত যাদব, যে ভিন রাজ্যের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সুজিত একসময় তাজউদ্দিনের ফ্ল্যাটে তিন বছর ধরে পরিচারকের কাজ করত। সেই সূত্রেই ফ্ল্যাটের প্রতিটি কোণা তার চেনা ছিল। কয়েক মাস আগে কাজ ছেড়ে দেওয়ার পর অন্যত্র যুক্ত হলেও, পরিকল্পনা করে ফের চুরির ছক কষে। এমনকি সম্প্রতি গাড়ি চালানো শিখে নেওয়ায়, সে চুরি করা গাড়িটি আবাসন থেকে বের করে কিছুটা দূরে ফেলে রেখে ক্যাব ধরে হাওড়া স্টেশনে চলে যায়। উদ্দেশ্য ছিল দিল্লি পালানো। তবে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং iPad–এর GPS Tracker এর কারণে কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়ে যায় সুজিত। ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। টেকনোসিটি থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘টেকনোলজির সাহায্য না নিলে এত দ্রুত চোরকে ধরা সম্ভব হতো না।’’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
