CV Anand Bose: নেপাল সীমান্তে টানটান পরিস্থিতি, প্যানিট্যাঙ্কি ঘুরে আশ্বাস দিলেন রাজ্যপাল

রাজ্য

নিউজ পোল ব্যুরো: নেপালে (Nepal) সাম্প্রতিক রাজনৈতিক উত্তালতা ও কেপি শর্মা ওলির (KP Sharma Oli) পতনের জেরে ইন্দো-নেপাল সীমান্তে চাপে বাড়ছে উত্তেজনা। এই প্রেক্ষিতে বুধবার সকালে শিলিগুড়ির (Siliguri) কাছে পানিট্যাঙ্কি সীমান্ত এলাকায় যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, “পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। এসএসবি (সশস্ত্র সীমা বল) নির্ভরযোগ্যভাবে তাদের দায়িত্ব পালন করছে।”

আরও পড়ুন: Prajakta Kohli: নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি, সফর বাতিল করে উদ্বেগ জানালেন অভিনেত্রী প্রাজক্তা কোলী

নেপালের রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কা ঘিরে প্রশাসনের তৎপরতা তুঙ্গে। বর্তমানে পানিট্যাঙ্কি সীমান্ত অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। রাজ্যপাল (CV Anand Bose) দিনের বেশিরভাগ সময় কাটান ইন্দো-নেপাল সীমান্তের বিভিন্ন চৌকি ঘুরে দেখার কাজে। সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নে রাজ্যপাল (CV Anand Bose) জানান, “এসএসবি যথেষ্ট শক্তিশালী ও দক্ষ। ওরা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। ভারত সরকারও আন্তর্জাতিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নেপালে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার প্রসঙ্গেও কেন্দ্র সচেষ্ট রয়েছে।”

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন। সীমান্ত উত্তেজনা মাথায় রেখে তিনি জলপাইগুড়িতেই অবস্থান করছেন। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। তার বার্তা, “কেউ কেউ রাজনৈতিক স্বার্থে উত্তেজনা ছড়াতে চাইবে, কিন্তু রাজ্য প্রশাসন সর্বদা সতর্ক। সীমান্তবাসীদেরও সচেতন ও শান্ত থাকার আবেদন জানাচ্ছি।”

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য মন্ত্রী গৌতম দেব ও উদয়ন গুহ ইতিমধ্যে সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন। জেলা শাসক ও পুলিশ সুপারদের নজরদারি আরও কড়া করতে বলা হয়েছে। বর্তমানে সীমান্তে শান্তি বজায় থাকলেও প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর নজর কড়া। পরিস্থিতির উপর রয়ে গেছে রাজ্য ও কেন্দ্রের সতর্ক দৃষ্টি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole