নিউজ পোল ব্যুরো: নেপালে (Nepal) টানটান অশান্তি ছড়িয়েছে গত কয়েক দিন ধরে। দুর্নীতি ও ন্যায়বিচারের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মুহূর্তে ভয়ঙ্কর রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডু (Katmandu) থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান নিয়ে পথে নেমে আসেন হাজার হাজার মানুষ। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপাল। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন ঘিরে ধরে আগুন লাগিয়ে দেন, এমনকি সে দেশের সুপ্রিম কোর্টেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শাসনভার কার্যত সেনার হাতে চলে গিয়েছে। যদিও সেনা প্রশাসন জানিয়েছে, শান্তি ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এমন প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ও সমাজমাধ্যম প্রভাবী প্রাজক্তা কোলী (Prajakta Kohli)। গত বছরই নেপালের ছেলে বৃষাঙ্ক খনালের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে।
আরও পড়ুন:Prasenjit Chatterjee: মমতার উদ্যোগে নতুন রূপে দেবী চৌধুরাণী মন্দির, আবেগে ভাসলেন প্রসেনজিৎ–শ্রাবন্তী
স্বাভাবিকভাবেই শ্বশুরবাড়ি রয়েছে নেপালেই। এই সপ্তাহেই স্বামীর জন্মদিন উপলক্ষে নেপালে যাওয়ার কথা ছিল প্রাজক্তার (Prajakta Kohli)। কিন্তু পরিস্থিতি দেখে সেই সফর আপাতত বাতিল করেছেন তিনি। অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘নেপালে যা হচ্ছে, দেখে মর্মাহত আমি। যেসব পরিবার এই দুর্ঘটনার সাক্ষী, তাঁদের জন্য উদ্বিগ্ন। আনন্দ করার মতো মানসিকতা এখন নেই। যত তাড়াতাড়ি সম্ভব সেখানে যেতে চাই, তাঁদের পাশে দাঁড়াতে চাই। হয়তো এখন সঠিক সময় নয়। তবু যত দ্রুত সম্ভব যাব।’’
নেপালের অশান্ত পরিস্থিতিতে চিন্তিত সেখানকার কন্যা, বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাও (Manisha Koirala)। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘এটা নেপালের ইতিহাসে এক কালো দিন। দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায়বিচারের দাবিতে যখন সাধারণ মানুষ কণ্ঠ তুলেছে, তখন তাঁদের দমন করতে গুলি চালানো হয়েছে।’’
পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই কারফিউ (Curfew) জারি হয়েছে বিভিন্ন এলাকায়। সেনা নজরদারি বাড়ানো হলেও, সাধারণ মানুষের মধ্যে ভয়ের আবহ বিরাজ করছে। তবুও নেপালের মানুষ ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। আর সেই লড়াইয়ের আঁচ পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। প্রাজক্তা (Prajakta Kohli) ও মনীষার মতো শিল্পীরা উদ্বেগ জানিয়ে যে বার্তা দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রতিবাদীদের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
