নিউজ পোল ব্যুরো: ঋতুপর্ণা (Rituparna Sengupta) সেনগুপ্ত ফের বলিউডে ফিরছেন। বয়স, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসকে সঙ্গী করেই জন্মদিনের ঠিক দু’দিন আগে প্রকাশ পেল তাঁর নতুন হিন্দি ছবি ‘কাল ত্রিঘোরী’র প্রথম ঝলক। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন আরবাজ় খান, আর যেখানে প্রথমবার একটি ভৌতিক ঘরানার ছবিতে দেখা যাবে ঋতুপর্ণাকে (Rituparna Sengupta)। তবু নতুন সাফল্যের পথে হাঁটতে হাঁটতে নায়িকার মন আজ ভারাক্রান্ত। এই প্রথম জন্মদিন মা নন্দিতা সেনগুপ্তকে ছাড়া কাটছে। মাঝরাতে কেক কাটার মুহূর্তেও চোখের কোণে ভিজে ওঠা জলই যেন তাঁর যন্ত্রণার সাক্ষী। নিজের কথায়, “মা আসে আমার কাছে, কিন্তু আমি আর মায়ের কাছে যেতে পারি না!” মায়ের হাতের রান্না, পায়েস, মাথায় হাত রেখে আশীর্বাদ— সবকিছুর স্মৃতিতেই আজ তিনি একা।
আরও পড়ুন:Zubeen Garg: অসুস্থ গরিমা শইকীয়া, হাসপাতালে ভর্তি— জ়ুবিনের প্রয়াণের আঘাত কি তীব্র হয়ে ফিরল?
এরই মাঝে নতুন ছবির কাজের ব্যস্ততা তাঁকে ফেলেছে আরও কঠিন পরীক্ষায়। ভৌতিক ছবিতে অভিনয় যে কতটা শারীরিক পরিশ্রমের, তা এবার উপলব্ধি করেছেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। নায়িকা জানান, ঘন জঙ্গলের ভিতরে খালি পায়ে দৌড়াতে গিয়ে বহুবার আঘাত পেয়েছেন, পায়ের নীচে কাঁটা ফুটলেও থামা যায়নি। আবার কখনও বৃষ্টিতে ভিজে কাদা মাখা শরীরে ঘণ্টার পর ঘণ্টা শুটিং করতে হয়েছে তাঁকে। আকাশে মেঘ ডাকছে, নির্দেশ এসেছে— থেমে থাকা চলবে না। রূপটানের চাপ, বারবার অ্যাকশন দৃশ্যে মনোযোগ— সব মিলিয়ে দারুণ কষ্ট হলেও অভিনয়ের আনন্দ নায়িকাকে সবসময় এগিয়ে দিয়েছে।
ছবির ভৌতিক আবহ নাকি তাঁকে নিজেকেই মাঝে মাঝে আতঙ্কিত করেছে। যদিও কোনওদিন ভূতের অভিজ্ঞতা হয়নি তাঁর, তবে আত্মা এবং পরলোকের প্রতি বিশ্বাস রয়েছে বলেই জানান তিনি। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা আরবাজ় খান সম্পর্কে ঋতুপর্ণা (Rituparna Sengupta) বলেন, “ও খুব প্রাণচঞ্চল, আর মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে।” শুটিং চলাকালীন নলেন গুড়ের মিষ্টির আবদার নিয়মিত করতেন আরবাজ়। তাঁর স্ত্রী সুরা খানের সঙ্গেও সুন্দর সম্পর্কের কথা উল্লেখ করেছেন নায়িকা।
আরবাজ় থাকলে সালমান খানের প্রসঙ্গ আসবেই। শুটিং সেটে না এলেও এক চলচ্চিত্র উৎসবে সালমানের সঙ্গে তাঁর আলাপ হয়। হাসিখুশি স্বভাবের অভিনেতা তাঁকে বেশ মুগ্ধ করেছেন। ভবিষ্যতে সালমানের সঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন শুনে হেসে ওঠেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। তাঁর উত্তর, “তা হলে দারুণ হবে।” নতুন ভূমিকায় প্রত্যাবর্তনের মুখে নায়িকার ব্যক্তিগত বেদনা আর পেশাগত সাফল্য— দুয়ের মিশ্রণেই জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
