নিউজ পোল ব্যুরো: দেবী চৌধুরাণী মন্দিরের সৌন্দর্যায়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ঘিরে উত্তরবঙ্গ জুড়ে আবেগ ও গর্বের স্রোত বইছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘দেবী চৌধুরাণী’ (Debi Choudhurani) যখন এই পুজোয় বড়পর্দায় আসতে চলেছে, তার আগে ঐতিহাসিক মন্দিরের পুনরুদ্বোধন যেন ছবির আবহকে আরও বাস্তবের মাটিতে দাঁড় করাল। সোমবার জলপাইগুড়ির এবিপিসি ময়দান থেকে ভার্চুয়ালি মন্দির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০১৮ সালে আগুনে পুড়ে যায় এই প্রাচীন মন্দির, ২০২২ সালে সংস্কার হলেও সৌন্দর্যায়নের কাজ চলছিল এখনও। অবশেষে সেই কাজ সম্পূর্ণ হল এবং ফের একবার উদ্বোধনের পর মন্দির পেল নতুন রূপ। এই ঘটনার সঙ্গে সঙ্গে ছবির প্রধান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee) আবেগে ভেসেছেন।
প্রসেনজিৎ যিনি ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন, তিনি বলেছেন, “শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। এর থেকে ভাল খবর আর কী হতে পারে? ইতিহাসকে ছুঁয়ে দেখলে ইতিহাস সামনে এসে দাঁড়ায়, মন্দিরের পুনরুদ্বোধন সে দিকেই ইঙ্গিত করছে।” শ্রাবন্তী, যিনি দেবী চৌধুরাণীর ভূমিকায়, জানিয়েছেন শিগগিরই মন্দিরে পুজো দিতে যাবেন এবং ভারতবাসী হিসাবে এই ঘটনার জন্য গর্ব অনুভব করছেন।
পরিচালক শুভ্রজিৎ মিত্রও (Subhajit Mitra) মন্দির পুনরুদ্ধারের খবরে সমানভাবে উচ্ছ্বসিত। তাঁর মতে, “উত্তরবঙ্গে এ রকম একটি ঐতিহাসিক মন্দির আছে জানতামই না। খবর জানার পর থেকে যেন নতুন শক্তি পাচ্ছি।” প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) আরও জানিয়েছেন, দুর্গাপুরে ভবানী পাঠকের নামাঙ্কিত একটি মন্দির আছে, সেটিও সংস্কারের অপেক্ষায়। তাঁর ইচ্ছা, নিজ দায়িত্বে তিনি সেই মন্দির সংস্কার করবেন।
ইতিহাসের পাতায় সন্ন্যাসী বিদ্রোহ ছিল ব্রিটিশশক্তির বিরুদ্ধে প্রতিবাদের প্রথম স্ফুলিঙ্গ। ভবানী পাঠকের (Bhabani Pathok) নেতৃত্বে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন দেবী চৌধুরাণী, যা একদিকে স্বাধীনতার লড়াইয়ের প্রতীক আবার অন্যদিকে নারীশক্তির জয়গান। সেই ইতিহাসই এবার ধরা দেবে বড়পর্দায়, পাশাপাশি পুনর্জীবন পেল সেই নামের সঙ্গে যুক্ত ঐতিহাসিক মন্দির।
জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ (Raiganj) ভেলাকোপার প্রাঙ্গণে দাঁড়ানো এই মন্দিরে দেবী দুর্গার সঙ্গে দেবী চৌধুরাণী ও ভবানী পাঠকের মূর্তি স্থাপন করা হয়েছে। দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ হয়ে পড়লেও, সরকারের উদ্যোগে আজ তা আবার দীপ্ত। মমতার হাত ধরে নতুন রূপে সেজে উঠল এই মন্দির, যা শুধু ধর্মীয় স্থাপনা নয়, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
