নিউজ পোল ব্যুরো: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনে একপ্রকার প্রত্যাশিত ফলাফলই দেখা গেল। বিপুল ভোটে জয়লাভ করে উপরাষ্ট্রপতির পদে আসীন হতে চলেছেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan)। তার এই জয়ের পর শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। এবার সেই তালিকায় নাম লেখালেন সদ্য ইস্তফা দেওয়া প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। গত জুলাই মাসে হঠাৎ করেই পদত্যাগ করার পর এই প্রথমবার প্রকাশ্যে বিবৃতি দিলেন তিনি।
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বদলে দিয়েছে বাংলার অর্থনীতির চেহারা, প্রশংসায় RBI কর্তা
ধনকড় (Jagdeep Dhankhar) তার বার্তায় লেখেন, “আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই দেশের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাধাকৃষ্ণণের (CP Radhakrishnan) নেতৃত্বে উপরাষ্ট্রপতির দপ্তর আরও বেশি মর্যাদা, শ্রদ্ধা ও গৌরব অর্জন করবে আগামী দিনে।
এবারের নির্বাচনে এনডিএ-র জয় নিয়ে শুরু থেকেই তেমন কোনও সংশয় ছিল না। কাগজে-কলমে জোটের ঝুলিতে ছিল ৪২৫টি নিশ্চিত ভোট। এর পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেস ও নির্দল সাংসদদের সমর্থন এনডিএর (NDA) ঘর আরও মজবুত করে তোলে। ভোটগণনার পর দেখা যায়, সি পি রাধাকৃষ্ণণ পেয়েছেন মোট ৪৫২টি ভোট, যেখানে বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডির (Sudarshan Reddy) ঝুলিতে গিয়েছে মাত্র ৩০০ ভোট। বাতিল হয়েছে অন্তত ১৫টি ভোট।
তবে ২০২২ সালের ফলাফলের তুলনায় এবার জয়ব্যবধান কিছুটা কমেছে। সেবার ধনকড় (Jagdeep Dhankhar) ৩৪৬ ভোটের বিশাল ব্যবধানে মার্গারেট আলভাকে পরাজিত করেছিলেন। এবারের ব্যবধান ১৫২-তে এসে দাঁড়ালেও, এনডিএ জোট যে রাজনৈতিকভাবে এখনও দৃঢ়, তা আরেকবার প্রমাণিত হল।
প্রসঙ্গত, গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ধনকড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) লেখা চিঠিতে তিনি জানান, শারীরিক কারণেই চিকিৎসকদের পরামর্শে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সেই সঙ্গে রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রাক্তন উপরাষ্ট্রপতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
নতুন অধ্যায় শুরু হল রাষ্ট্রপতির পাশে রাধাকৃষ্ণণের নেতৃত্বে—আশা করা যায়, অভিজ্ঞতা ও বিচক্ষণতায় তিনি এই গুরুত্বপূর্ণ পদকে আরও উচ্চতায় পৌঁছে দেবেন।
