নিউজ পোল ব্যুরো: এক সময় পর্দায় তাঁকে দেখলে দর্শক বুঝত, ন্যায় আর অন্যায়ের মধ্যে সংঘর্ষ শুরু হতে চলেছে। সেই দাপুটে পুলিশ অফিসার, যার মুখে সংলাপ, “চাবকে পিঠের ছাল তুলে দেব”, আজ আর সেই চেনা চরিত্রে নেই। এবার পরিচালক অন্নপূর্ণা বসুর প্রথম ছবি ‘স্বার্থপর’-এ ভিন্ন ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-কে। মেয়ের চরিত্রে কোয়েল মল্লিক, আর পর্দায় বাবা আইনি পরামর্শদাতা। ১৬ বছর পর ফের বাবা-মেয়ে এক ছবিতে।
আরও পড়ুন:Arbaaz Khan: ৫৮ বছরে আবারও বাবা! কন্যাসন্তানকে কোলে নিয়ে খুশিতে ভাসছেন আরবাজ খান
তবে অভিনয়ের আনন্দের থেকেও মিশে আছে খানিক আক্ষেপ। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) স্পষ্ট বললেন, “এখন অনেক বাংলা ছবি হচ্ছে, ব্যবসাও করছে, কিন্তু বাঙালিয়ানা কোথায়! ‘স্বার্থপর’ অনেক দিন পর সেই নিখাদ বাঙালিত্বের স্বাদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার সময়ে ছবিতে ছিল বাঙালির অন্দরমহলের গল্প, পরিবার, সম্পর্ক, আবেগ। এখন সেই রস, সেই গন্ধ খুঁজে পাই না।”
এই ছবির গল্প ভাই-বোনের আইনি সংঘাত নিয়ে। অভিনেতার মতে, এই বিষয়টি নতুন নয়, কিন্তু এভাবে পর্দায় খুব কমই এসেছে। যৌথ পরিবারে যে সম্পর্কের টানাপোড়েন থাকে, সেখানে বিশ্বাস ও ধৈর্য দিয়ে সমস্যার সমাধান খোঁজা হত— সেই মূল্যবোধই আজ বিলুপ্ত। নিজের জীবনের কথাও টেনে আনলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। বললেন, “আমাদের ভবানীপুরের মল্লিকবাড়ি ছিল বিশাল বনেদি পরিবার। এক সময় ২০০ জন সদস্য এক ছাদের নিচে থাকত। মতবিরোধ হত ঠিকই, কিন্তু তা আদালতে পৌঁছত না। কারণ ছিল আস্থা, ভরসা, সহনশীলতা।”
এই আবেগ থেকেই অভিনেতা আরও বলেন, “মল্লিকবাড়ি মানে নিরাপত্তা, নিশ্চিন্ততা, হৃদয়ের উষ্ণতা। এখন মানুষ সেই আবেগ হারিয়ে ফেলছে। সম্পর্ক যেন আইনি নথিতে সীমাবদ্ধ।” ‘স্বার্থপর’ ছবিতে অভিনয় করতে করতে তিনি উপলব্ধি করেছেন, দাদা-বোনের সম্পর্কে ফাটল কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) বলেন, “বোনেরা ভাইফোঁটায় দাদার দীর্ঘায়ু কামনা করে, সেই বোনকেই যদি আদালতে যেতে হয়, সেটার বেদনা ভাষায় প্রকাশ করা যায় না।” তাই তাঁর প্রার্থনা, “বিশ্বের সব দাদা-বোন যেন সম্পর্কের বন্ধনকে আঁকড়ে ধরে রাখে।” বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও, রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর মনের ভিতর একটা প্রশ্ন থেকেই যায় “ছবি হচ্ছে, কিন্তু আমাদের সংস্কৃতির গন্ধ কোথায়?”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
