Sridevi: কোটি টাকার পারিশ্রমিক দাবিই কি কাল হয়েছিল শ্রীদেবীর? ‘বাহুবলী’-র সুযোগ হারিয়েছেন

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ভারতীয় সিনেমার ইতিহাসে ‘বাহুবলী ২’ (Bahubali) এক অনন্য মাইলফলক। এস এস রাজামৌলির (S.S. Rajamouli) এই ছবি বক্স অফিসে যে সাফল্য ছুঁয়েছিল, তা এক কথায় অবিশ্বাস্য। অথচ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শিবগামী দেবীকে প্রথমেই প্রস্তাব দেওয়া হয়েছিল প্রয়াত নায়িকা শ্রীদেবীকে (Sridevi)। কিন্তু নানা টালবাহানার পর শেষ পর্যন্ত শ্রীদেবী সেই চরিত্রে অভিনয় করেননি। দীর্ঘ বছর পর প্রকাশ্যে এল সেই সিদ্ধান্তের আসল কারণ।

আরও পড়ুন:West Bengal Teacher Requirement 2025: নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, কড়া বার্তা এসএসসি-র

পরিচালক রাজামৌলি নিজেই জানিয়েছিলেন, প্রথমে শিবগামীর চরিত্রটির জন্য শ্রীদেবীর (Sridevi) সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি অন্য একটি তামিল ছবি ‘পুলি’ (Puli)-তে অভিনয় করার সিদ্ধান্ত নেন। ভাগ্যের নির্মম পরিহাস, ‘পুলি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যায়, আর ‘বাহুবলী’ হয়ে ওঠে ব্লকবাস্টার। তখন থেকেই জল্পনা চলছিল, কেন শ্রীদেবী (Sridevi) এই প্রস্তাব ফিরিয়ে দিলেন।

অবশেষে মুখ খুললেন তাঁর স্বামী ও প্রযোজক বনি কপূর (Boni Kapoor)। তাঁর কথায়, পারিশ্রমিক এবং শর্তের কারণেই ‘বাহুবলী’-র অফার নাকচ করেছিলেন শ্রীদেবী। জানা গিয়েছে, ছবির জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন। শুধু তাই নয়, থাকার জন্য একটি হোটেলের গোটা তলা এবং তাঁর টিমের আরও ১০ জনের থাকা-খাওয়ার পাশাপাশি বিমানে যাতায়াতের সমস্ত খরচও প্রযোজকদের বহন করার কথা বলেছিলেন। এই চাহিদার ফলে পিছিয়ে যান নির্মাতারা।

বনি বলেন, ‘‘শ্রীদেবীর (Sridevi) মতো একজন তারকা ছবির প্রচারের জন্য অমূল্য সম্পদ। তাই ওর ওই পারিশ্রমিক দাবি অস্বাভাবিক ছিল না। বরং ‘ইংলিশ ভিংলিশ’ (English Vinglish)-এ ও আরও বেশি টাকা নিয়েছিল। সেই জায়গায় আমি মনে করেছিলাম, ‘বাহুবলী’-র জন্য শ্রীদেবীর দাবিটা যথাযথ। তাই স্ত্রীকে ছবিটি করতে না দেওয়ার সিদ্ধান্ত নিই আমি।’’

এই খোলামেলা স্বীকারোক্তির পর আবারও নতুন করে আলোচনায় এসেছে শ্রীদেবীর (Sridevi) হারানো সুযোগ। কারণ, ‘বাহুবলী’-র সাফল্য ইতিহাস তৈরি করলেও, শিবগামী চরিত্রে রম্যা কৃষ্ণণের অসাধারণ অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। যদি শ্রীদেবী এই চরিত্রে অভিনয় করতেন, তবে হয়তো ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস আরও নতুন মাত্রা পেত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole