নিউজ পোল ব্যুরো: কেরলের এক জনপ্রিয় মালয়ালি অভিনেত্রী রিনি জর্জের(Rini George) অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রীর দাবি, তিন বছর ধরে এক যুব নেতা তাঁকে আপত্তিকর বার্তা পাঠাচ্ছিলেন এবং পাঁচতারা হোটেলে দেখা করার প্রস্তাব দেন। যদিও তিনি নাম প্রকাশ করেননি, তবুও বিজেপি(BJP) সরাসরি কংগ্রেসের যুবনেতা তথা পালাক্কাড়ের বিধায়ক রাহুল মামকুটাথিলের দিকে আঙুল তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিজেপি(BJP) তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভও দেখায়।
আরও পড়ুন: Aryan Khan: পরিচালক রূপে আত্মপ্রকাশ আরিয়ান খানের
অভিযোগ অস্বীকার করে মামকুটাথিল(Rahul Mamkootathil)যুব কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। আদালতে প্রমাণ করতে পারলে তবেই সত্য ধরা হবে।” অন্যদিকে, বিজেপির(BJP) অভিযোগ কংগ্রেস বিষয়টি চেপে রাখার চেষ্টা করছে।

রিনি জর্জ(Rini George) এক অনলাইন সাক্ষাৎকারে জানান, সোশ্যাল মিডিয়ার(Social Media)মাধ্যমে ওই নেতার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তার পর থেকেই অশালীন বার্তা পাঠানো শুরু হয়। অভিযোগ সত্ত্বেও দলের শীর্ষ নেতৃত্ব কোনো ব্যবস্থা নেয়নি, বরং অভিযুক্তকে একাধিক গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।
অভিনেত্রীর বক্তব্যে নতুন মাত্রা পেয়েছে কেরলের(Kerala) রাজনীতি। তিনি বলেছেন, “আমার ব্যক্তিগত ক্ষতি হয়নি, তবে অন্য অনেক নারী একই অভিজ্ঞতার শিকার। তাঁদের কথা ভেবেই আমি মুখ খুলছি।” যদিও তিনি নিরাপত্তার অভাব এবং বিচারব্যবস্থার ওপর আস্থাহীনতার কারণে থানায় অভিযোগ দায়ের করেননি।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিজেপি(BJP) কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে, অন্যদিকে কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে অস্বস্তি। বিরোধী দলনেতা ভি.ডি. সথীশান জানিয়েছেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিনেত্রীর সাহসী স্বীকারোক্তি শুধু এক নেতার বিরুদ্ধে অভিযোগ নয়, বরং রাজনৈতিক দলগুলির নারী সুরক্ষা নীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
