নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার রাজ্যসভায় উত্তপ্ত পরিবেশের মধ্যেই কণ্ঠভোটের মাধ্যমে পাশ হল বহু প্রতীক্ষিত ‘অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল’ (Online Gaming Bill)। বিলটি পাশ হওয়ার সময় বিরোধীরা উচ্চকক্ষে তীব্র বিক্ষোভ দেখালেও, ডেপুটি চেয়ারম্যান হরিবংশ কণ্ঠভোটে বিলের অনুমোদনের কথা ঘোষণা করেন এবং পরে ১০ মিনিটের জন্য সভা মুলতবি করা হয়।
আরও পড়ুন: Gaganyaan: গগন ছুঁতে চলেছে ভারত! শুভাংশু শুক্লার চোখে বাস্তব স্বপ্ন, জানালেন সেই গল্প
এই নতুন আইনটির মূল লক্ষ্য, ই-স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমিং-কে (Online Gaming Bill) উৎসাহ দেওয়া এবং একযোগে সমস্ত প্রকার অনলাইন মানি গেমিং (Online Money Gaming) ও তার বিজ্ঞাপন নিষিদ্ধ করা। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) কর্তৃক উত্থাপিত এই বিল ইতিমধ্যেই লোকসভাতেও পাস হয়েছে। মন্ত্রী বৈষ্ণব সংসদে বলেন, “অনেক মানুষ অনলাইনে অর্থের গেম খেলে তাদের জীবনভর সঞ্চয় হারাচ্ছেন। এই আইন দীর্ঘমেয়াদী আলোচনার ফসল, যেখানে আমরা শিল্পের বিভিন্ন অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি।”
বিলে বলা হয়েছে, যারা অর্থ জমা দিয়ে অনলাইন গেম (Online Game) খেলে আর্থিক পুরস্কার জেতার চেষ্টা করেন, সেই মানি গেমিং পুরোপুরি নিষিদ্ধ হবে। এর ফলে যারা এই পরিষেবা সরবরাহ করে তা সহজতর করে, তাদের সর্বোচ্চ ৩ বছরের জেল বা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিও এই ধরনের লেনদেনে সাহায্য করতে পারবে না।
অন্যদিকে, সরকার গেমিং শিল্পের “ভাল দিকগুলো” বিকাশে উৎসাহ দিতে চায়। অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতকে গেম ডেভেলপমেন্টের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যেমন- IICT (Indian Institute of Creative Technologies)- এর মাধ্যমে। তবে এই আইনের (Online Gaming Bill) ফলে চরম ধাক্কা খেতে পারে ড্রিম১১, এমপিএল, হাউজ্যাট, উইনজো, এসজি১১ ফ্যান্টাসি ও পোকারবাজি-র মতো জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
