Agnimitra Pal:’টিএমসি নয়, এখন টিটিজি’— ২১ জুলাইয়ের কর্মসূচি ঘিরে তৃণমূলকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:একুশে জুলাইকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে, ততই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। সেই আবহেই রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal) তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে দাবি করলেন, বর্তমান তৃণমূল আর ‘টিএমসি’ নয়, বরং ‘টিটিজি’— অর্থাৎ ‘টুকরে টুকরে গ্যাং’।

আরও পড়ুন:গিরগিটির গল্পে তৃণমূলকে কটাক্ষ! তরুণজ্যোতি তিওয়ারির পোস্ট ঘিরে তোলপাড়

শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের ‘সৃজনী’ প্রেক্ষাগৃহে বর্নোওয়াল সমাজের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, “তৃণমূলের আর কী অবশিষ্ট রয়েছে? আমার কাছে ওরা এখন ‘টিটিজি’— ‘টুকরে টুকরে গ্যাং’। দলটি কার্যত ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে গিয়েছে।”

এদিন তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব এবং রাজনৈতিক সুবিধাবাদের অভিযোগও তোলেন। তাঁর দাবি, রাজ্যের প্রশাসনিক কাঠামো দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির বোঝা বহন করছে। অগ্নিমিত্রার কথায়, “আমার দপ্তরে এত অনিয়ম ও অস্বচ্ছতা জমে রয়েছে যে, সেগুলি পরিষ্কার করতেই অধিকাংশ সময় ব্যয় হচ্ছে। গত ১৫ বছরে উন্নয়নের পরিবর্তে দুর্নীতিকেই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তৃণমূল।”

তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের বিভিন্ন স্তরে জালিয়াতির সংস্কৃতি গড়ে উঠেছে এবং দলের কার্যালয়গুলিও সেই সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

একুশে জুলাই উপলক্ষে তৃণমূলের একাধিক কর্মসূচি এবং দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal) ফের বলেন, “টিএমসি এখন অতীত। এটি ‘টুকরে টুকরে গ্যাং’-এ পরিণত হয়েছে।”

এদিন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি। অগ্নিমিত্রার দাবি, “রাজনৈতিক সুবিধার আশায় চার্টার্ড বিমানে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরে নির্বাচনে টিকিট না পেয়ে আবার তৃণমূলে ফিরে আসেন। এই ঘটনাই প্রমাণ করে, ওই দলে নীতির চেয়ে ব্যক্তিস্বার্থই বেশি প্রাধান্য পায়।”

অগ্নিমিত্রা পালের এই মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। একুশে জুলাইয়ের আগে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হতে চলেছে, তাঁর এই মন্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।