নিউজ পোল ব্যুরো: বাঙালিদের ভোজন পর্ব শুরু হয় তেতো দিয়ে। আর এগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল শুক্তো। দুপুরের খাবার পাতে যদি বাঙালি শুক্তো পড়ে তাহলে আর কোনো কথাই নেই। তবে এবার শুক্তোর স্বাদে যদি কোনো বদল আনা যায় কেমন হয় বলুন তো! বাড়ির সকলকে চমকে দিয়ে ছানার বড়া দিয়ে তৈরি করে ফেলুন দুধ শুক্তো (Shukto)।
আরও পড়ুন:Digestion Tips: ভরপেট খাবার খেয়ে এই কাজগুলি করছেন? নিজের অজান্তেই হজমের সমস্যা ডেকে আনছেন
উপকরণ:
১ কাপ ছানা
১ কাপ দুধ
১ টেবিলচামচ ময়দা
১টি রাঙাআলু (ডুমো করে কাটা)
১টি কাঁচকলা (লম্বা করে কাটা)
১টি ছোট মাপের বেগুন (ডুমো করে কাটা)
২টি উচ্ছে
১ কাপ কুমড়ো (ডুমো করে কাটা)
১ কাপ পেঁপে (ডুমো করে কাটা)
১ চা-চামচ আদাবাটা
১ টেবিলচামচ পোস্তবাটা
১ চা-চামচ সর্ষেবাটা
১ টেবিলচামচ ঘি
স্বাদমতো নুন, চিনি
আধ চা-চামচ পাঁচফোড়ন
১টি তেজপাতা
১ চা-চামচ ভাজা পাঁচফোড়নগুঁড়ো
আধ কাপ সর্ষের তেল
প্রণালী:
প্রথমে একটি বড় পাত্রে ছানা, একটু আদাবাটা, নুন, চিনি আর পরিমাণমতো ময়দা নিয়ে ভাল করে মেখে নিয়ে ছোট ছোট গোলা বানিয়ে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে সেগুলি লালচে করে ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যেই সমস্ত কেটে রাখা সবজি ভেজে নিন।
এখন তেলের মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, আদাবাটা ফোড়ন দিয়ে তার মধ্যে কুমড়ো, পেঁপে, কাচকলা, রাঙাআলু দিয়ে একটু কষিয়ে নিন। এরপর জল গরম করে তার মধ্যে পোস্তবাটা, সর্ষেবাটা, নুন গুলে সেটি কড়াইয়ে ঢেলে নাড়তে থাকুন। এবার ঢাকা দিয়ে দিন যতক্ষণ না সবজি সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেলে দুধ ঢেলে কিছুক্ষণ ফোটান। এরপর একে একে ছানার বড়া, উচ্ছে, বেগুন দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। এবার স্বাদমতো চিনি, ঘি আর ভাজা পাঁচফোড়নগুঁড়ো দিয়ে ২মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে ছানার বড়া দিয়ে দুধ-শুক্তো (Shukto)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
