নিউজ পোল ব্যুরো: চুলের যত্নে (হয় Care Tips) তেলমালিশের ভূমিকা বহু দিনের। চুলের পুষ্টি জোগানো থেকে শুরু করে শুষ্কতা কমানো, খুশকি নিয়ন্ত্রণ কিংবা চুল ঝরা কমাতে— তেল যে কার্যকর, তা নিয়ে দ্বিমত নেই। কিন্তু তেল মাখার সঠিক সময় এবং পদ্ধতি নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। কেউ স্নানের ঠিক আগে তেল মাখেন, আবার কেউ আগের রাতেই তেল দিয়ে ঘুমোতে যান। প্রশ্ন হল, চুলের জন্য কোন অভ্যাসটি বেশি উপকারী?
আরও পড়ুন: SkinCare Tips:শীতে খসখসে ত্বকের সহজ সমাধান, হাত-পা নরম রাখবে সজনে তেলই
বর্তমানে স্ট্রেটনিং, স্মুদনিং বা কেরাটিন ট্রিটমেন্টের মতো পদ্ধতির ব্যবহার বেড়েছে। এই সব ক্ষেত্রেই চুলে তাপ প্রয়োগ করা হয়, যার ফলে চুল দুর্বল হয়ে পড়ে। তাপের ক্ষতি থেকে চুলকে কিছুটা সুরক্ষা দিতে তেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শুধু তেলই কি চুলের সব সমস্যার সমাধান?
অভিনেত্রী আলিয়া ভট্টের কেশসজ্জাশিল্পী অমিত ঠাকুরের মতে, সারা রাত চুলে তেল মেখে রাখা মোটেই আদর্শ পদ্ধতি নয়। তিনি জানান, বহু সংস্কৃতিতে দীর্ঘ দিন ধরেই চুলে তেল লাগানোর চল থাকলেও, আধুনিক জীবনযাপনে সেই অভ্যাস হুবহু অনুসরণ করা ঠিক নয়। তাঁর মতে, তেলকে সবচেয়ে ভাল ভাবে ব্যবহার করা যায় ‘প্রি-ওয়াশ ট্রিটমেন্ট’ হিসেবে— অর্থাৎ শ্যাম্পু করার কিছুক্ষণ আগে।
অমিত বলেন, চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত তেল খুবই উপকারী। এতে চুল নরম থাকে, রুক্ষতা কমে এবং ভাঙার প্রবণতাও কম হয়। তবে তেল মেখে ৪০–৪৫ মিনিটের বেশি অপেক্ষা না করাই ভাল। তার বেশি সময় তেল রেখে দিলে চুলের গোড়া ভারী হয়ে যায় এবং উল্টো ফল হতে পারে।
অনেকের ধারণা, সারা রাত তেল মাখলে চুল বেশি পুষ্টি পায়। কিন্তু বাস্তবে এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং দীর্ঘ সময় তেল মাথায় রেখে দিলে মাথার তালুতে ব্রণ বা ফুসকুড়ি হতে পারে। শ্যাম্পুর সময় চুল ঝরার পরিমাণও বেড়ে যায়। আরও বড় সমস্যা হল, দীর্ঘ ক্ষণ তেল মেখে রাখলে ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বাড়ে, যা চুল পড়ার সমস্যা আরও বাড়িয়ে দেয়।
অমিত আরও জানান, চুল পড়ার জন্য শুধু বাহ্যিক যত্ন নয়, শরীরের ভিতরের অবস্থাও দায়ী। খাদ্যাভ্যাস, হরমোনের ভারসাম্য, মানসিক চাপ, দূষণ— এই সব কারণেও চুল পড়তে পারে। তাই যদি চুল পড়া হঠাৎ করে অনেক বেড়ে যায়, শুধুমাত্র তেল বা ঘরোয়া উপায়ের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সার কথা, চুলে তেল অবশ্যই দরকার, তবে সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে। শ্যাম্পুর আগে অল্প সময় তেলমালিশ (Hair Care Tips) করলেই চুল থাকবে সুস্থ ও প্রাণবন্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
