নিউজ পোল ব্যুরো: শীত এলেই বাজার ভরে ওঠে টাটকা ফুলকপিতে। সারা বছর ফুলকপি (Cauliflower) পাওয়া গেলেও শীতের ফুলকপির স্বাদ ও গন্ধ আলাদা করে নজর কাড়ে। বেশির ভাগ বাড়িতেই ফুলকপির ফুল দিয়ে নানা পদ রান্না হলেও ডাঁটা অংশটি প্রায়শই ফেলে দেওয়া হয়। কিন্তু জানেন কি, এই ডাঁটা দিয়েই তৈরি করা যায় এমন একটি পদ, যার স্বাদ ফুলকপির যেকোনও জনপ্রিয় তরকারির সঙ্গে পাল্লা দিতে পারে? ঠিক এমনই এক সহজ অথচ অসাধারণ রেসিপি হল ফুলকপির ডাঁটার ভর্তা।
ফুলকপির (Cauliflower) ডাঁটা শুধু যে অপচয় কমায় তা নয়, পুষ্টিগুণের দিক থেকেও এটি অত্যন্ত উপকারী। ডাঁটায় থাকে ফাইবার ও নানা প্রয়োজনীয় খনিজ উপাদান। একটু যত্ন করে রান্না করলে এই অংশ থেকেই তৈরি হতে পারে মুখরোচক এক পদ, যা শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেলে অন্য কোনও তরকারির প্রয়োজনই হবে না।
এই ভর্তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সরলতা। খুব বেশি উপকরণ লাগে না, আবার রান্নার পদ্ধতিও জটিল নয়। গ্রামবাংলার ঘরোয়া স্বাদ যাঁরা পছন্দ করেন, তাঁদের কাছে এই পদ বিশেষ প্রিয় হয়ে উঠতে পারে।
উপকরণ:
একটি গোটা ফুলকপির ডাঁটা, ১টি ছোট পেঁয়াজ, ৭–৮ কোয়া রসুন, ৪টি কাঁচালঙ্কা, ১ চা-চামচ সাদা সর্ষের দানা, আধ চা-চামচ সাদা তিল, ১ চা-চামচ গোটা সাদা জিরে, ১/২ চা-চামচ কালোজিরে, ১টি শুকনো লঙ্কা, ২ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদ মতো নুন।
প্রণালী:
প্রথমে ফুলকপির ডাঁটা ছোট ছোট টুকরো করে কেটে ভাল করে ধুয়ে নিন। এরপর অল্প জলে ৪–৫ মিনিট ভাপিয়ে নিন, যাতে ডাঁটা নরম হয়ে আসে। ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে নিন।
এবার একটি মিক্সিতে ভাপানো ডাঁটা, পেঁয়াজ, রসুন, কাঁচালঙ্কা, সর্ষের দানা ও তিল দিয়ে মসৃণ করে বেটে নিন। মিশ্রণটি আলাদা করে রেখে দিন।
কড়াইয়ে দেড় টেবিল চামচ সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে গোটা সাদা জিরে, কালোজিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বেরোলেই বেটে রাখা ডাঁটার মিশ্রণ কড়াইয়ে ঢেলে দিন। প্রয়োজনমতো নুন দিয়ে মাঝারি আঁচে ভাল করে কষান। মিশ্রণটি যখন তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝবেন ভর্তা তৈরি।
গ্যাস থেকে নামিয়ে উপরে আধ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে এই ফুলকপির ডাঁটার ভর্তা পরিবেশন করলে শীতের দুপুর যেন আরও জমে উঠবে। রান্নাঘরের এই ছোট্ট কৌশলেই অপচয় কমবে, আর স্বাদ বাড়বে কয়েক গুণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
