নিউজ পোল ব্যুরো:শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার (৬ জুলাই) পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর একাধিক সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণের পর সেদিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। বিশেষ তাৎপর্যপূর্ণ এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, কলকাতায় পৌঁছে প্রথমেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভবানীপুরের পৈতৃক বাসভবনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি নিউটাউনের ইকো পার্কে যাবেন, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার পূর্ণাবয়ব মূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজোর অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রধান অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
রাজ্য সরকারের উদ্যোগে ইকো পার্কে গড়ে তোলা হচ্ছে ‘শ্যামাপ্রসাদ গার্ডেন’। সেখানে ১২৫ ফুট উচ্চতার পূর্ণাবয়ব মূর্তির পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম ও জাতীয় অবদানকে তুলে ধরতে স্থায়ী তথ্যকেন্দ্র, আলোকচিত্র প্রদর্শনী এবং ঐতিহাসিক উপস্থাপনারও পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রকল্প বাস্তবায়নে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে তাঁর পৈতৃক বাসভবনের সংস্কার ও সংরক্ষণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ দিবস উদ্যাপনের অনুষ্ঠানে তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘোষণা করেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে রাজ্য সরকার ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তি নির্মাণ করবে। সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়নের সূচনা হতে চলেছে সোমবারের অনুষ্ঠানের মাধ্যমে।
বিজেপি নেতৃত্বের দাবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের উদ্যাপন ব্যতিক্রমী গুরুত্ব বহন করছে। তাঁদের বক্তব্য, স্বাধীনোত্তর ইতিহাসে এই প্রথম শ্যামাপ্রসাদের রাজ্যে তাঁর আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক শক্তির সরকার ক্ষমতায় রয়েছে। ফলে তাঁর আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং রাষ্ট্রচিন্তাকে সামনে রেখে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি কর্মসূচির রাজনৈতিক ও প্রতীকী গুরুত্ব বহুগুণ বৃদ্ধি করেছে বলে মনে করছে গেরুয়া শিবির।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
অন্যদিকে, জন্মজয়ন্তীর প্রাক্কালেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে কেন্দ্র করে বিতর্কও দানা বেঁধেছে। রবিবার গভীর রাতে কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় তাঁর একটি নবনির্মিত মূর্তির বেদিতে ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ, উদ্বোধনের আগের রাতেই অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী বেদি এবং নামফলক বসানোর নির্ধারিত অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনার পর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আর্মহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ, ট্র্যাফিক নজরদারি ক্যামেরার ভিডিও এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, শাবল বা অন্য কোনও ভারী বস্তু ব্যবহার করেই বেদিতে আঘাত করে ভাঙচুর চালানো হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, রাত প্রায় পৌনে ১২টা পর্যন্ত নির্মাণকাজ চলেছিল এবং সেই সময়ই মার্বেল ও নামফলক সংস্থাপনের কাজ সম্পূর্ণ হয়। পরে গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী এসে বেদিতে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেছেন। তবে এই ঘটনার নেপথ্যে কারা এবং কী উদ্দেশ্যে ভাঙচুর চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখছে পুলিশ।
