ফের SRFTI-তে অশান্তি, ইট-বোতল ছোড়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য

breakingnews কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো:ঠিক এক সপ্তাহ পর একই ছবি ফিরল সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থেকে পরপর ছোড়া হচ্ছে বোতল, ছোড়া হচ্ছে ইট। ভিতরে দাঁড়িয়ে পা দিয়ে সে সব আটকাচ্ছেন ছাত্রছাত্রী ও শিক্ষকরা। রবিবার বিকেলে এই ছবি দেখা গেল ক্যাম্পাসে।

রবিবার বিকেলে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। অজয়নগর থেকে সেই মিছিল শেষ হয় এসআরএফটিআই-এর সামনে। মিছিলে উপস্থিত জাগরণ মঞ্চের সম্পাদক বলেন, “এখন আর কোনও লাভ লেটার চলবে না। এখন হাত চলবে, পা চলবে। ওরা নকশাল। ওদের লাথি খেতেই হবে।” এরপর ওই মিছিলের সদস্যরা কার্যত পুলিশের ব্যারিকেড সরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করে। দেখা যায়, বন্ধ থাকা গেট রীতিমতো ঠেলে ঢোকার চেষ্টা হয়।গত রবিবার অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠানের ছাত্রদের সংঘর্ষে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে আবারও ফিরল একই ছবি। এমনকী পুলিশের সঙ্গেও মিছিলের সদস্যদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

স্বামী বিবেকানন্দ ও ভারতমাতাকে অপমান করার অভিযোগ তুলে রবিবার পথে নামে হিন্দু জাগরণ মঞ্চ। অভিযোগ, সেই মিছিল থেকেই ছোড়া হয় ইট।অন্যদিকে, ক্যাম্পাসের ভিতর দেখা যায় দাঁড়িয়ে আছেন ছাত্র ও শিক্ষকরা। তাঁদের লক্ষ্য় করে পরপর বোতল ছোড়া হয়। কারও কারও গায়ে ইটের আঘাত লাগে বলেও অভিযোগ। অন্যদিকে, তাঁদের সদস্যরাও আহত হয়েছেন বলে দাবি করে হিন্দু জাগরণ মঞ্চ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয় পুলিশ। হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। এরপরই হিন্দু জাগরণ মঞ্চের তরফে এক প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, যাঁরা বিবেকানন্দের অপমান করেছে, তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হোক। অন্যদিকে, এসআরএফটিআই-এর পড়ুয়াদের দাবি, আক্রান্ত তারাই।