নিউজপোল ব্যুরো:বামপন্থী আইনজীবী সেলের সদস্য এবং পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য শামিম আহমেদের উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় শামিমের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে পোস্ট করে আইনজীবীদের নিরাপত্তা এবং রাজ্যে আইনের শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সবং থানার কাছে শামিম আহমেদের উপর হামলা চালানো হয়। ঘটনার পর তাঁকে অভিযোগের বয়ান পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে শামিম নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হন।
শুধু শামিমের ঘটনাই নয়, ব্যাঙ্কশাল ও বারুইপুর আদালতে আইনজীবীদের উপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক, প্রত্যেক আইনজীবীর পেশাগত দায়িত্ব পালনের অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভয় দেখিয়ে বা আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজ্যে কোনও পরিস্থিতি মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেছেন।
এদিকে, কয়েকদিন আগে গড়বেতার বেনাচাপড়া, খড়্কুশমা-সহ একাধিক এলাকায় রাজনৈতিক সংঘর্ষের পর কয়েকটি বামপন্থী পরিবারের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। সেই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে কলকাতা হাইকোর্ট ও মেদিনীপুর আদালতের বামপন্থী আইনজীবী সেলের সদস্যরা এলাকায় যান। প্রায় আটটি বাড়ি ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।
