কলকাতাজুড়ে সারাদিন মুষলধারে বৃষ্টির পূর্বাভাস , উত্তর থেকে দক্ষিণ টানা বৃষ্টির দাপটে ভিজবে বাংলা

আবহাওয়া কলকাতা শহর

নিউজপোল ব্যুরো: বুধবার ভোররাত থেকেই বৃষ্টির ছন্দে ঘুম ভাঙল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়ে দিয়েছে, আজকের দিনজুড়ে বৃষ্টির এই দাপট কমার কোনো লক্ষণ নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৯ শতাংশ ছুঁইছুঁই হওয়ায় প্যাচপ্যাচে অস্বস্তি কমলেও, একটানা ঝিরঝিরে আর মুষলধারে বৃষ্টিতে ইতিমধ্যেই শহরের বেশ কিছু নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার সেখানে মেঘলা আকাশের কারণে তা আরও নামার ইঙ্গিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৪.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগামী কয়েক ঘণ্টায় আরও বাড়তে পারে।

তবে আসল চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য জারি হওয়া সতর্কবার্তা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার পরিস্থিতির আরও অবনতি হতে পারে, কারণ বৃষ্টির তীব্রতা বৃদ্ধির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। শুক্রবার পর্যন্ত এই দুর্যোগ বজায় থাকবে, শনিবার থেকে মিলতে পারে কিছুটা স্বস্তি।

অন্যদিক থেকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও সংকটজনক! পাহাড় থেকে সমতল— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) লাল সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া আর ধসের আশঙ্কায় কাঁপছে পার্বত্য এলাকা। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা  রয়েছে। শুক্রবারে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা সামান্য কমলেও, ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।