নিউজ পোল ব্যুরো: দুয়ারে সরকারের সাফল্যের পর আগামী বছর নির্বাচনকে সামনে রেখে জুলাই মাসে রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে গিয়েছে কাজও। নির্বাচনের আগে রাজ্যের মানুষের আরও কাছে পৌঁছাতে তৃণমূল সুপ্রিমোর এটা বড় মাস্টারস্ট্রোক বলেই মনে করেছে রাজনৈতিক মহল। মাত্র ২৬ দিনের মধ্যে সেই প্রকল্পের সাফল্যের খতিয়ানই এবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে রাজ্য সরকারের সহায়তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, “অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২৬ দিনে বাংলার ১ কোটিরও বেশি মানুষ রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রায় ১৪ হাজার ৫০০টি শিবিরে এসে তাঁদের এলাকার সমস্যার নিরসনের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন।” এই সাফল্যে উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী। তিনি আরও লিখেছেন, “রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে আপনাদের এই অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলার গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সুশাসনকে নতুন শক্তি দিয়েছে, দিয়েছে নতুন প্রাণ।কোটির রেখা অতিক্রমে সকলকে অভিনন্দন।”
এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের ও বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, “উন্নয়নের এই সার্বিক প্রচেষ্টায় যুক্ত সকল জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক এবং কর্মচারী ও স্বেচ্ছাসেবক, যাঁরা অনলস পরিশ্রম করে এই উদ্যোগের সাফল্য বাংলার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁদের আমার হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি, আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলার প্রতিটি মানুষকে, যাঁরা আমাদের উপর বিশ্বাস রেখেছেন।” মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “বাংলার প্রতিটি মানুষের জন্য সরকারি বিভিন্ন পরিষেবা পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, আমাদের মা- মাটি-মানুষের সরকার আপনাদের প্রতি দায়বদ্ধতা আরও সুনিশ্চিত করতে এবং আপনাদের সমস্যার আশু সমাধানে সবসময় আপনাদের পাশে আছে ও আগামী দিনেও থাকবে- এই কথা দিলাম।”
গত ২২ জুলাই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমার পাড়া, আমার সমাধান ’-এর কথা ঘোষণা করেন। সেই সঙ্গেই জানিয়ে দেন নতুন এই প্রকল্পের সুবিধা মিলবে কিভাবে। মুখ্যমন্ত্রীর বলেন, ”ছোট ছোট কাজের জন্য আমাদের নতুন প্রকল্প – আমাদের পাড়া, আমাদের সমাধান। মানুষের প্রকল্প নিয়ে সরকার এবার পথে নামছে। এটা ছোট্ট প্রোগ্রাম। কিন্তু পরে বিস্তৃত হবে। সারা দেশে এধরনের উদ্যোগ এই প্রথম। মানুষ নিজেদের বুথ, নিজেদের গ্রামের সমস্যার সমাধান পাবে।” প্রকল্প সম্পর্কে বিস্তারিত বিষয়ে তিনি আরও বলেন, ”তিনটি করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ আছে। প্রত্যেক কেন্দ্রে সপ্তাহে একদিন করে ক্যাম্প হবে। আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে। ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন। তাঁদের সঙ্গে আলোচনা করে অফিসাররা ঠিক করবেন, কতটুকু কাজ করা যাবে। স্বচ্ছতা বজায় রেখে, অনলাইন পোর্টালে কাজ হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
