নিউজ পোল ব্যুরো: রাজ্যসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করল বিজেপি (BJP)। পশ্চিমবঙ্গ থেকে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha)। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাঁর নামেই সিলমোহর দিল বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব।
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মোট পাঁচটি আসন শূন্য হয়েছে। তার মধ্যে চারটি আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। ফলে বাকি একটি আসনে বিজেপি কাকে পাঠাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল। একাধিক সম্ভাব্য নাম সামনে এলেও শেষ পর্যন্ত রাহুল সিনহাকেই বেছে নেওয়া হয়েছে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ মোট ছয়টি রাজ্যের জন্য রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এই তালিকায় রয়েছে বিহার, অসম, ছত্তীসগঢ়, হরিয়ানা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। বিহার থেকে প্রার্থী করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন-কে। পাশাপাশি শিবেশ কুমারের নামও ঘোষণা হয়েছে। অসম থেকে তেরাস গোয়ালা ও যোগেন মোহন, ছত্তীসগঢ় থেকে লক্ষ্মী বর্মা, হরিয়ানা থেকে সঞ্জয় ভাটিয়া এবং ওড়িশা থেকে মনমোহন সমল ও সুজিত কুমারকে প্রার্থী করা হয়েছে।
পশ্চিমবঙ্গের তালিকায় উজ্জ্বল হয়ে উঠেছে রাহুল সিনহার (Rahul Sinha) নাম। এর ফলে অনন্ত মহারাজ ও শমীক ভট্টাচার্যের পর তৃতীয় বিজেপি নেতা হিসেবে তিনি সংসদের উচ্চকক্ষে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বঙ্গ বিজেপির সংগঠনে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলিতে তাঁকে সক্রিয় রাজনীতিতে তুলনামূলকভাবে কম দেখা গিয়েছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে, দল সম্প্রসারণের পর পুরনো মুখদের গুরুত্ব কিছুটা কমে গিয়েছিল।
তবে শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে রাহুল সিনহা (Rahul Sinha) আবারও সক্রিয় হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক সভা ও কর্মসূচিতে তাঁকে দেখা গেছে। একইভাবে দিলীপ ঘোষের মতো পুরনো নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দলকে শক্তিশালী করতে অভিজ্ঞ নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েছে বিজেপি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখযোগ্য বিষয় হল, রাহুল সিনহা অতীতে বিধানসভা ও লোকসভা মিলিয়ে মোট ন’বার নির্বাচনে লড়েছেন এবং প্রত্যেকবারই পরাজিত হয়েছেন। চারবার বিধানসভা ও পাঁচবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েও জয় পাননি তিনি। রাজ্যসভায় মনোনয়ন পাওয়ার ফলে তাঁর দীর্ঘদিনের সাংসদ হওয়ার আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। চারটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেণকা গুরুস্বামী এবং রাজীব কুমার-কে। শাসকদলের এই তালিকাও ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, বিশেষ করে মেণকা গুরুস্বামী ও রাজীব কুমারের নাম ঘিরে।
পাঁচটি আসনের মধ্যে একটি আসন বিজেপির দখলে যাওয়াই কার্যত নিশ্চিত ছিল। সেই আসনে রাহুল সিনহাকে মনোনীত করে দল স্পষ্ট বার্তা দিল যে অভিজ্ঞ সংগঠককেই এবার সংসদের উচ্চকক্ষে পাঠানো হচ্ছে। রাজ্যসভা নির্বাচন ঘিরে এখন রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
