নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোকে কেন্দ্র করে বাগেশ্বর বাবা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। কলকাতায় এসে নবরাত্রির সময়ে দুর্গাপুজোর প্যান্ডেলের আশপাশে আমিষ খাবার বিক্রি ও খাওয়ার বিরোধিতা করেছিলেন তিনি। তাঁর এই মন্তব্যের পরেই পাল্টা প্রতিক্রিয়া দেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীক স্পষ্ট জানিয়ে দেন, বাঙালি কী খাবেন, তা কোনও সাধু বা রাজনৈতিক দল ঠিক করে দিতে পারে না। বাংলার নিজস্ব সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, দুর্গাপুজোর সঙ্গে বাঙালির দীর্ঘদিনের খাদ্যসংস্কৃতি জড়িয়ে রয়েছে।
আরও দেখুন :-ইছামতির মাটি ছুঁয়ে দীপনের জয়যাত্রা, কলেজ পড়ুয়ার প্রতিমা পাড়ি দিচ্ছে রাজ্য ছাড়িয়ে
এবার এই বিতর্কে মুখ খুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, বাগেশ্বর বাবা তাঁর নিজের বিশ্বাস অনুযায়ী যা ঠিক মনে করেছেন, সেটাই বলেছেন। বিষয়টি নিয়ে রাজনীতি করার কোনও কারণ নেই বলেই মত তাঁর।
অগ্নিমিত্রার কথায়, ভারতের বিভিন্ন রাজ্যে নবরাত্রির সময়ে নিরামিষ খাবারের চল থাকলেও বাংলার দুর্গাপুজোর সংস্কৃতি আলাদা। গোটা বছর বাঙালি দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে। পুজোর দিনগুলিতে ইলিশ, মাটন, চিংড়ি-সহ নানা খাবার বাঙালির উৎসবের অংশ হয়ে উঠেছে।
ফলে বাগেশ্বর বাবার মন্তব্যকে ঘিরে বিতর্ক চললেও বিষয়টি নিয়ে বিজেপির নেতাদের বক্তব্যে যে ভিন্ন সুর শোনা যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
