SIR: চূড়ান্ত তালিকায় বড়সড় গলদ! দুই বিধানসভায় একই ব্যক্তির নাম দেখে স্তম্ভিত কমিশন, কড়া ব্যবস্থার নির্দেশ

কলকাতা

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্নের মুখে নির্বাচন ব্যবস্থা। মৃত ভোটার, স্থানান্তরিত নাম এবং একাধিক কেন্দ্রে একই ব্যক্তির নাম থাকা এই সব ত্রুটি দূর করতেই বিশেষ সংশোধন অভিযান (SIR) শুরু হয়েছিল বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এনুমারেশন ফর্ম জমা, শুনানি এবং তথ্য যাচাইয়ের পরেও চূড়ান্ত তালিকায় মিলল ডুপ্লিকেট নাম। একই ভোটারের নাম রয়ে গেল দুই আলাদা বিধানসভা কেন্দ্রে যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

আরও পড়ুন: Rahul Sinha: দিল্লির লড়াইয়ে এবার রাহুল সিনহা! আদি নেতার ওপরই আস্থা রাখল বিজেপি

চূড়ান্ত ভোটার তালিকায় (SIR) দেখা গেছে, এক ব্যক্তির নাম এবং তাঁর পিতার নাম একইভাবে রয়েছে কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র এবং উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রে। শুধু বয়সের ক্ষেত্রে সামান্য অমিল এক কেন্দ্রে ৫৬ বছর, অন্যটিতে ৫৮ বছর। ডিসেম্বর মাসেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ওই ভোটারকে শোকজ করা হয়েছিল বলে জানা গেছে। কেন তিনি দুই আলাদা কেন্দ্রে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। অর্থাৎ, বিষয়টি আগে থেকেই প্রশাসনের নজরে ছিল।

তবু প্রশ্ন উঠছে, শুনানি এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও কীভাবে চূড়ান্ত তালিকায় তাঁর নাম দুই জায়গাতেই থেকে গেল? এই ঘটনায় রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সংশ্লিষ্ট দুই জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। প্রায় ৬২ লক্ষ নাম বাদ পড়েছে এবং আরও প্রায় ৬০ লক্ষ নাম ‘অমীমাংসিত’ তালিকায় রয়েছে, যাঁদের নথিপত্র এখনও খতিয়ে দেখা হচ্ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই শাসকদল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে। এই আবহে একই ভোটারের নাম দুই কেন্দ্রে থাকার ঘটনা নতুন করে রাজনৈতিক চাপানউতোরের জন্ম দিয়েছে।

নির্বাচন কমিশনের তরফে এই গরমিলের কারণ এবং ভবিষ্যতে এমন ত্রুটি এড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখন দেখার বিষয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole