নিউজ পোল ব্যুরো: দোলের পবিত্র সকালে রাজ্যবাসী তথা দেশবাসীর উদ্দেশে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স (X) হ্যান্ডলে শুভেচ্ছা বার্তা পোস্ট করে তিনি দোলযাত্রার শুভেচ্ছা জানান এবং উৎসবের মূল চেতনাকে সামনে রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান করেন।
বার্তায় তিনি (Mamata Banerjee) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর বিখ্যাত পংক্তি উদ্ধৃত করেন—
“ওরে গৃহবাসী খোল্ দ্বার খোল্, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।”
এরপর সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি (Mamata Banerjee) লেখেন, এই দোল ও হোলি মানুষের জীবনে শান্তি ও পবিত্র সম্প্রীতির বার্তা বয়ে আনুক। তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান।
একই দিনে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-ও (Abhishekh Banerjee)নিজের এক্স হ্যান্ডলে দোল ও হোলির শুভেচ্ছা জানান। তাঁর বার্তায় উৎসবের তাৎপর্যকে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়। তিনি লেখেন, প্রতি বছর রঙের এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় রং যখন গায়ে লাগে, তখন সে কারও নাম, জাত, ভাষা বা ধর্ম বিচার করে না; বরং সবাইকে সমানভাবে আপন করে নেয়।
অভিষেকের মতে, একটি সমাজ তখনই প্রকৃত অর্থে শক্তিশালী ও প্রাণবন্ত হয়ে ওঠে, যখন ভিন্ন ভিন্ন পরিচয় ও বৈচিত্র্যের মানুষ সমান মর্যাদা ও সম্মানের সঙ্গে সহাবস্থান করতে পারে। দোল ও হোলির চেতনা আমাদের শেখায়, ঐক্যই সবচেয়ে বড় শক্তি এবং সম্প্রীতি রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব মানুষের মধ্যে ন্যায়বোধ, সমানাধিকারের বিশ্বাস এবং একসঙ্গে থাকার মানসিকতাকে আরও দৃঢ় করুক। একই আকাশের নিচে প্রতিটি নাগরিক সমান সম্মান ও মর্যাদা পাক এই কামনাই তাঁর বার্তায় প্রতিফলিত হয়েছে।
রঙের উৎসবের প্রভাতে দুই শীর্ষ তৃণমূল নেতার এই বার্তায় স্পষ্ট, দোল কেবল আনন্দ-উল্লাসের উৎসব নয়; এটি সাম্য, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরও প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি কোনও রাজনৈতিক মন্তব্য না থাকলেও তাঁদের বার্তার অন্তর্নিহিত সুরে বিভেদ ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট। বিরোধীদের তরফে অতীতে যে বিভাজনের অভিযোগ তোলা হয়েছে, তার প্রেক্ষিতে এই সম্প্রীতির বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
