নিউজ পোল ব্যুরো: কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় মঙ্গলবার ভোরে আচমকাই ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির ছাদের একাংশ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাড়ির বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের ইলিয়ট রোডে। মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ বাড়িটির একটি অংশ হঠাৎই ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: Kolkata Earthquake : হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল মহানগর! দক্ষিণবঙ্গজুড়ে আতঙ্কের পরিবেশ
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত শুক্রবার যে ভূমিকম্প হয়েছিল, তারই প্রভাবেই পুরনো বাড়িটির ভিতরে ফাটল তৈরি হয়েছিল। তাঁদের মতে, সেই কম্পনের জেরেই বাড়ির কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং তার ফলেই মঙ্গলবার সকালে ছাদের একটি অংশ ভেঙে পড়ে। তবে সৌভাগ্যবশত, সেই সময় বাড়ির ভিতরে কেউ উপস্থিত ছিলেন না। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বাড়ির এক বাসিন্দা বলেন, “আমরা কেউই তখন ঘরের ভিতরে ছিলাম না। যদি এক-দু’মিনিট এদিক-ওদিক হত, তাহলে বড় বিপদ ঘটতে পারত। ঈশ্বরের কৃপায় আমরা বেঁচে গিয়েছি।” স্থানীয়দের আরও দাবি, বাড়িটির বিভিন্ন জায়গায় আগে থেকেই পলেস্তারা খসে পড়ছিল। যদিও বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করার জন্য পুরসভার কাছে আগে আনুষ্ঠানিক আবেদন করা হয়নি বলে জানিয়েছেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, বাড়ির ভিতরে কেউ আটকে পড়েননি। তাই দমকল বাহিনীকে খবর দেওয়ার প্রয়োজন পড়েনি। কী কারণে এই ধসের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। মার্কিন ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলা, যা কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দাবি, কম্পনের মাত্রা ছিল প্রায় ৫.৫। সেই কম্পনের জেরেই শহরের একাধিক পুরনো বাড়ির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
