Heavy Rain Forecast : নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আজ থেকে ভয়ানক দুর্যোগের আশঙ্কা, ভাসবে উত্তরবঙ্গও

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: পূর্বাভাস মতই বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার ছিল আকাশের। রাত বাড়তেই শুরু হয় প্রবল বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার জেরেই ভাসছে দুইবাংলা। বৃষ্টি নিয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রবল (Heavy Rain Forecast)। বৃষ্টির সঙ্গেই বইবে ঝড়ো হাওয়া। আজ শুক্রবার থেকে প্রবল তাণ্ডব দেখাবে আবহাওয়া। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী‌ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং জেলায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ও হাওয়া। জেনে নিন সোমবার পর্যন্ত কোথায় কেমন থাকবে আবহাওয়া…

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে।

রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদে।

আলিপুর আবহাওয়া দফতর শনিবার থেকে সোমবার উপরিউক্ত জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে। বৃহস্পতিবার থেকেই বাংলা এবং ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ২৭ জুলাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভারি বৃষ্টিতে (Heavy Rain Forecast) নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হয়েছে।