PM Modi: ইতিহাসের পাতায় মোদীর নতুন ছাপ – ইন্দিরাকে পেরিয়ে দ্বিতীয় স্থানে, নজিরবিহীন সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের রাজনীতির ইতিহাসে আজ এক নতুন মোড়। সময়ের চাকা ঘুরিয়ে, নরেন্দ্র মোদী (PM Modi) গড়লেন এক অনন্য রেকর্ড। টানা প্রধানমন্ত্রী থাকার নিরিখে তিনি এবার উঠে এলেন দ্বিতীয় স্থানে, পেছনে ফেললেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে (Indira Gandhi)।

আরও পড়ুন: Anil Ambani: ৩ হাজার কোটি টাকার জালিয়াতির হদিশ! ইডির নজরে অনিল আম্বানির ঘাঁটি

২৬ মে ২০১৪ থেকে একটানা দেশ পরিচালনার দায়িত্বে থাকা মোদী এখন পর্যন্ত ১১ বছর ৬০ দিন ধরে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ইন্দিরা গান্ধী (Indira Gandhi) মোট দুই দফায় ১১ বছর ৫৯ দিন প্রধানমন্ত্রী ছিলেন—প্রথম দফায় ১১ বছর ৫৯ দিন এবং দ্বিতীয় দফায় আরও চার বছর ২৯১ দিন। এই হিসাবেই মোদী (PM Modi) এখন ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সময় টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন। তবে তালিকার শীর্ষে রয়েছেন জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)। স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে একটানা ১৬ বছর ২৮৬ দিন দেশ পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি।

মোদীর (PM Modi) এই কৃতিত্ব কেবল সময়ের মাপকাঠিতেই নয়—রাজনৈতিক প্রেক্ষাপটেও বিশেষ তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার পর জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। একইসঙ্গে প্রথম অকংগ্রেসি এবং অহিন্দিভাষী রাজ্যের নেতা হিসেবে এত দীর্ঘ সময় ধরে দেশ চালানোর নজির গড়েছেন তিনি। তার নেতৃত্বেই ভারত একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক উচ্চতায় পৌঁছেছে। আরও একটি নজির গড়েছেন তিনি—লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা দু’বার ক্ষমতায় আসা একমাত্র অকংগ্রেসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে এই ঐতিহাসিক দিনে তিনি দেশে নেই। ইংল্যান্ডে (England) ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে ব্রিটেনে গেছেন মোদী। সেখান থেকে মালদ্বীপ সফরেও যাবেন তিনি।

টানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড (দিন হিসেবে):
জওহরলাল নেহরু– ১৬ বছর ২৮৬ দিন
নরেন্দ্র মোদী– ১১ বছর ৬০ দিন
ইন্দিরা গান্ধী– ১১ বছর ৫৯ দিন
মনমোহন সিং – ১০ বছর ৪ দিন
অটলবিহারী বাজপেয়ী – ৬ বছর ৬৪ দিন

নরেন্দ্র মোদীর এই অর্জন নিঃসন্দেহে ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। সামনে থাকছে আরও চ্যালেঞ্জ, আরও সাফল্যের পথ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT