Kangana Ranawat: রাজনৈতিক যুদ্ধ ভুলে মঞ্চে ‘বন্ধুত্ব’? ভাইরাল মহুয়া-কঙ্গনার নাচের মুহূর্ত

পেজ 3 রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রাজনীতির অঙ্গনে তারা একে অপরের প্রবল প্রতিপক্ষ সংসদের ভিতরে তর্ক-বিতর্কে তীক্ষ্ণ যুক্তি ছুড়ে প্রতিপক্ষকে কোণঠাসা করাই রোজকার ঘটনা। কিন্তু সেই তিন প্রতিদ্বন্দ্বী মুখ এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে! রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে তারা নাচে মেতে উঠেছেন একসঙ্গে। সম্প্রতি ভাইরাল হওয়া এই নাচের ভিডিওতেই দেখা গিয়েছে সাংসদ মহুয়া মৈত্র, কঙ্গনা রানাউত এবং সুপ্রিয়া সুলেকে। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নবীন জিন্দলও। ভিডিওটি ছড়াতেই শুরু হয়েছে নেটমাধ্যমে প্রবল সমালোচনার ঝড়।

আরও পড়ুন:Weather Update : দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত! এক ধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ, ভোরে ঘন কুয়াশার চাদর

ঘটনার সূত্রপাত গত বুধবার। কঙ্গনা রানাউত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, আসন্ন বিয়ের অনুষ্ঠানের জন্য ‘সঙ্গীত’ প্র্যাকটিসে ব্যস্ত চার সাংসদ। নবীন জিন্দলের মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছে এক জমকালো সঙ্গীত সন্ধ্যার, আর সেই অনুষ্ঠানেই নাচ পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। ঘটনাচক্রে দুই শাসক দলের এবং দুই বিরোধী দলের সাংসদ একই মঞ্চে নাচের তাল মেলাচ্ছেন—এমন দৃশ্যই নেটদুনিয়ার চোখে চমক এনে দেয়।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিরূপ প্রতিক্রিয়ার ঢেউ উঠেছে। এক নেটিজেনের বক্তব্য—“পাঞ্জাবের প্রতিবাদী কৃষকদের ‘জঙ্গি’ বলেছিলেন কঙ্গনা। সেই কঙ্গনার সঙ্গেই এখন নাচছেন বিরোধী দলের নেত্রীরা! রাজনীতি এভাবেই সাধারণ মানুষকে ভুল বোঝায়।” অন্য এক মন্তব্যে লেখা—“দিনে তুমুল বিরোধিতা, আর রাতে একসঙ্গে উৎসব—এই কারণেই আমজনতা নিজেকে প্রতারিত মনে করে। যারা কৃষকদের অপমান করেছিল, তাদের সঙ্গেও এখন বন্ধুত্ব?”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তবে নেটিজেনদের সবাই যে বিরোধিতা করছেন, তা নয়। অনেকেই চার সাংসদের পক্ষে সওয়াল করেছেন। তাঁদের মতে, সংসদের বাইরের সম্পর্ক আলাদা, সেখানে রাজনৈতিক লড়াইয়ের কোনও জায়গা নেই। অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা কোনও অপরাধ নয়। বরং সমাজের জন্য সেটাই ইতিবাচক উদাহরণ বলে মনে করছেন তারা। সব মিলিয়ে কঙ্গনা-মহুয়া-সুপ্রিয়া-নবীনের একসঙ্গে নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বাকযুদ্ধ। যদিও চার সাংসদের কেউই এখনও পর্যন্ত এই বিতর্কে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি।